পতেঙ্গা সৈকতে আটকেছে চিনির জাহাজ
বৈরী আবহাওয়ার মধ্যে তলা ফুটো হয়ে পানি ঢোকার পর দুই হাজার মেট্রিক টন চিনিবাহী একটি লাইটারেজ জাহাজ চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে আটকে গেছে।
চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল জানিয়েছে, সিটি গ্রুপের মালিকানাধীন ‘সিটি-১১’ নামের লাইটারেজ জাহাজটি রোববার ভোর রাতের দিকে তীরে আটকে যায়।
তবে এতে বন্দর চ্যানলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে রেডিও কন্ট্রোলে দায়িত্বরত কর্মকর্তা জানান।
সিটি গ্রুপের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে চিনি নিয়ে খালাসের জন্য তীরে ফিরছিল ‘সিটি-১১’। ওই সময় বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের মধ্যে জাহাজের তলা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে।
এরপর ভোর রাতের দিকে পতেঙ্গা সি বিচের কাছে উপকূলের চড়ায় আটকে যায় জাহাজটি।
ওই জাহাজে দুই হাজার মেট্রিক টন চিনি রয়েছে জানিয়ে সিটি গ্রুপের কর্মকর্তা বলেন, জাহাজের ১৪ জন নাবিকের সবাই নিরাপদে আছেন।
