২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা চিহ্নিত করতে ‘অক্ষম’ বন্দর নগরীর প্রতিষ্ঠানগুলো

বন্দর নগরীর উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো প্রকৃত সমস্যা ও সমস্যার কারণ চিহ্নিত করতে ‘অক্ষম’ বলে মনে করে ‘পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম’ (এফপিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 09:52 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত এই ফোরামের নেতারা মনে করেন, অপরিকল্পিত উন্নয়নের ফলে ‘চরম দুর্ভোগ’ ও ‘অকার্যকর’ নগরীতে পরিণত হবে চট্টগ্রাম।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন- অগ্রাধিকার প্রকল্প’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান তারা।

ফোরামের লিখিত বক্তব্যে সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, “চট্টগ্রাম ক্রমশই চরম দুর্ভোগের এবং অকার্যকর নগরে পরিণত হতে যাচ্ছে।

“এর কারণ, নগর উন্নয়নে যেসব প্রতিষ্ঠান কাজ করছে প্রকৃত সমস্যা ও সমস্যার নেপথ্যের কারণ চিহ্নিত করণে তাদের অক্ষমতা। ফলে গড়ে উঠছে অপরিকল্পিত নগর।”

ফোরামের সভাপতি মু. সিকান্দার খান বলেন, “অপরিকল্পিতভাবে সব কিছু করা হচ্ছে। যে বিষয়ে যিনি দায়িত্ব পেয়েছেন সেটা করুন, আদি পরিকল্পনা (মাস্টারপ্ল্যান) অগ্রাহ্য করবেন না।”

অপ্রয়োজনীয়ভাবে প্রকল্প গ্রহণ করে অর্থ নয়ছয়ের অভিযোগও করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক।

একের পর এক ফ্লাইওভার নির্মাণের উদাহরণ টেনে তিনি বলেন, “আদি পরিকল্পনায় এসব আছে কি না তা কেউ দেখে না। কেউ কি সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) কে জিজ্ঞেস করবে ফ্লাইওভার মাস্টারপ্ল্যানে ছিল কি না?

“পরিকল্পনা যিনি অগ্রাহ্য করেন তিনিই যদি প্রিয়পাত্র হন, তাহলে কীভাবে পরিকল্পিত উন্নয়ন সম্ভব? সব সরকারই অপরিকল্পিত উন্নয়ন করেছে। এখনও তা অব্যাহত। এখন যেভাবে উন্নয়নের টাকা ভাসিয়ে দিচ্ছে সেই টাকা জলেই যাবে।”

সুভাষ বড়ুয়া বলেন, জলাবদ্ধতা নিরসনে নালা পরিষ্কার, ‘সিল্ট ট্র্যাপ’ ও জলাধার নির্মাণ করতে হবে। অবৈধ দখল উচ্ছেদের পর খাল খনন করে ধারণ ক্ষমতা বাড়াতে হবে।

“খাল খননের আগে স্লুইস গেট নির্মাণ করলে সেই টাকা খালের পানিতেই যাবে।”

১৯৯৫ সালে ইউএনডিপির আর্থিক সহায়তায় করা ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ এর ‘চট্টগ্রাম স্টর্মওয়াটার ড্রেনেজ এন্ড ফ্লাড কন্ট্রোল মাস্টারপ্ল্যান’ বাস্তবায়নের কাজ এতদিনেও শুরু না হওয়ায় অসন্তোষ জানান তিনি।

সুভাষ বড়ুয়া বলেন, মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ‘চট্টগ্রাম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি’ (সিপিডিএ) গঠনের প্রস্তাব করা হয়েছিল। সেটা আজ পর্যন্ত মন্ত্রণালয়েই পাঠানো হয়নি।

“উন্নয়নের দায়িত্ব কি সিটি করপোরেশন নেবে, না সিডিএ নেবে সেটা সরকারকে ঠিক করতে হবে।”

নগরীর মূল সড়ক সিডিএ এভিনিউ ও বিমানবন্দর সড়ক ধরে ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে ভবিষ্যতে মেট্রেরেল করার সম্ভাবনা ‘পুরোপুরি নষ্ট’ হবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগরের অগ্রাধিকার হিসেবে পর্যায়ক্রমে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন, যানজট নিরসন, কর্ণফুলী ড্রেজিং, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং নগরের অভ্যন্তরে ও নগরের সাথে জেলার যোগাযোগ উন্নয়নকে উল্লেখ করা হয়।

পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সাতটি পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফোরামের নির্বাহী সহ-সভাপতি প্রকৌশলী এ বি এম এ বাসেত ও স্থপতি বিধান বড়ুয়া, উপদেষ্টা অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, সদস্য ইতিহাস গবেষক শামসুল হোসাইন ও শাহরিয়ার খালেদ।