২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্প অনুমোদনে কর্তৃত্ব চান মেয়র নাছির

বন্দর নগরীর জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার কাজের সমন্বয়হীনতাকে দায়ী করে নিজের এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদনে সিটি করপোরেশনের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব রেখেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

জাফর আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 12:20 AM

Updated : 19 Aug 2022, 05:01 PM

চলতি বর্ষা মৌসুমে ভারী বর্ষণ হলেও চট্টগ্রাম নগরী ডুবে যাওয়ায় সমালোচনার প্রেক্ষাপটে গত সপ্তাহে পরিকল্পনা  বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব করেন তিনি।

বাংলাদেশের সব উন্নয়ন প্রকল্প চূড়ান্ত অনুমোদনের আগে পরিকল্পনা কমিশন যাচাই ও বিশ্লেষণ করে। এরপর তা অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপিত হয়।

চিঠিতে মেয়র নাছির লিখেছেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামোয় (রাস্তা, ড্রেন, কালভার্ট, সেতু) বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক নিজস্ব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অবগত না করে অসমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করছে।

Image
জলাবদ্ধতায় হাঁটু পানিতে মেয়র আ জ ম নাছির

জলাবদ্ধতায় হাঁটু পানিতে মেয়র আ জ ম নাছির

“সংস্থাগুলোর সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনোরূপ সমন্বয় না থাকায় চলমান উন্নয়ন কার্যক্রমে জলাবদ্ধতা ও জনদুর্ভোগসহ নানান সমস্যার সৃষ্টি হচ্ছে।”

এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির।

তিনি বলছেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো সিটি কর্পোরশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে নির্দেশনা দেওয়া হলেও কেউ তা শুনছে না।

এই সমন্বয়হীনতার কারণেই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সিটি কর্পোরশন থেকে ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব রাখার যুক্তি দেখিয়েছেন তিনি।

এর আগে গত ২১ জুন সংবাদ সম্মেলন করেও মেয়র নাছির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সিটি কর্পোরশনের সঙ্গে সমন্বয় করার আহ্বান রেখেছিলেন।

তিনি বলেছিলেন, “এক সাথে ওয়াসা তিন-চারটা প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে চার বছর, মানে ২০২১ পর্যন্ত সময় লাগবে। আমি কি তাহলে বসে থাকব চার বছর?

Image
চট্টগ্রাম এরকম ডুবেছে এই বর্ষায় কয়েকবার

চট্টগ্রাম এরকম ডুবেছে এই বর্ষায় কয়েকবার

“আর শুধু তো ওয়াসা করছে না, এই শহরে সিডিএ কাজ করছে। পিডিবি একটা বড় প্রকল্প নিয়েছে, আন্ডারগ্রাউন্ড কেবল। টিঅ্যান্ডটিও একই। মাটির নিচে দিয়ে তাদের লাইন যাবে। তারপর হল কর্ণফুলী গ্যাস।”

এসব কাজ সমন্বয় করতে ‘সিটি গভর্নমেন্ট’র প্রস্তাবও ওই সংবাদ সম্মেলনে করেছিলেন তিনি।

চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীও তার মেয়াদকালে বিভিন্ন সময় সিটি গভর্নমেন্টের প্রস্তাব করেছিলেন, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি।

পরিকল্পনা কমিশনে পাঠানো চিঠিতে মেয়র নাছির বলেন, গত বছরের ২৭ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিপত্রের মাধ্যমে সিটি কর্পোরেশনের সঙ্গে সেবা প্রদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলোকে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

“এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক নিয়মিত সমন্বয় সভার আয়োজন করা হয়ে থাকে। সভার সিদ্ধান্ত মোতাবেক সকল উন্নয়ন কাজ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় রেখে করার সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে কোনো সংস্থাই কার্যকর সমন্বয়পূর্বক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে না।”

এই বিষয়ে কথা বললে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাধ্যতামূলক না হওয়ায় এখন তারা সিটি করপোরেশনের ছাড়পত্র নিচ্ছেন না।   

“এখন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের ছাড়পত্র নেওয়া আবশ্যক নয়। তাই কেউ নেয় না। পরিবেশ ছাড়পত্রের মতো বিধান বাধ্যতামূলক করা হলে সবাই সিটি কর্পোরশনের ছাড়পত্র নিতে বাধ্য হবে।”

পুরনো খবর:

হাঁটুপানিতে চট্টগ্রামের মেয়র
চট্টগ্রামে ‘সিটি গভর্নমেন্ট’ চান নাছিরও