চট্টগ্রামে গাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত লাশ
হাটহাজারীর বড় দীঘির পাড় এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পেয়েছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বড় দীঘির পাড় সংলগ্ন শাহ জালাল স্কুলের পাশে একটি গাছে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
“গাছের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় এক লোককে ঝুলতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”
ওসি বলেন, ওই ব্যক্তির পরিচয় তারা জানতে পারেননি। তার শরীরে আঘাতের কোনো চিহ্নও ছিল না।
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
