সাগরে ‘দস্যু’, নগরে ‘ব্যবসায়ী’
বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা ও মেঘনার মোহনায়জলদস্যু বাহিনীর প্রধান হিসেবে যে কালাম চৌধুরীর নাম জেলেদের কাছে আতঙ্ক, সেই তিনিই চট্টগ্রাম নগরীতে থাকতেন ব্যবসায়ী পরিচয়ে।
মঙ্গলবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানার গ্রিণভিউ আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে কালাম চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করে র্যাব।
কালামকে জিজ্ঞাসাবাদের পর র্যাব কর্মকর্তারা জানান, নগরীর পাঁচলাইশে তার দুটি মুদি দোকান আছে।এছাড়া পরিবহন ব্যবসাও আছে তার। সাগরে দস্যুতা করে পাওয়া ‘মুক্তিপণের’ টাকায় দুটি বাসেরও মালিক হয়েছেন তিনি।
কালামকে গ্রেপ্তারের পর বুধবার তার বিষয়ে জানাতে র্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
এতে অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১১ উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ বলেন,বঙ্গোপসাগরের পূর্ব উপকূলীয় এলাকা ও মেঘনা নদীর মোহনায় যেসব জলদস্যু বাহিনী অপরাধের রাজত্ব কায়েম করেছে, তার মধ্যে ‘কালাম বাহিনী’ সবচেয়ে বেশি সক্রিয় ও দুর্ধর্ষ।
“কালাম চৌধুরীর বিরুদ্ধে নোয়াখালীর হাতিয়া এবং ভোলার মনপুরা থানায় মোট ১১টি মামলা আছে। এরমধ্যে দুটি হত্যা, তিনটি অস্ত্র, চারটি ডাকাতি ও একটি চুরির মামলা।”
আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও আছে তার বিরুদ্ধে।
ব্যবসায়ী পরিচয়ের আড়ালে তিনি এই জলদস্যুতা চালাতেন বলে র্যাব কর্মকর্তারা জানান।
অভিযানে অংশ নেওয়া লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, প্রায় ছয় মাস আগে পাঁচলাইশের বাসাটি ভাড়া নেন কালাম। এর আগে তিনি কখনও গ্রেপ্তার হননি।
কালামের নেতৃত্বে দল, কমান্ডার বদল
কালামের আদি নিবাসহাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সুখচর গ্রামে হলেও তারা বাবা মাহে আলম ‘চুরি’ করে ধরা পড়ার পর স্থানীরা তাদের গ্রামছাড়া করে বলে জানায় র্যাব।
এরপর তাদের নতুন ঠিকানা হয় ভোলার মনপুরা থানার কালকিনিতে।
‘চুরি-ডাকাতিতে’ জড়িয়ে পড়ায় মনপুরা থেকেও কালামকে এলাকাবাসী তাড়িয়ে দেয় বলে জানান র্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ।
“২০১১ সালের জুনে নিজের নামে বাহিনী গড়ে তোলেন কালাম। ওই দলে ২৫ জন জলদস্যু আছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, চট্টগ্রামের মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও বাঁশখালী এবং মেঘনা নদীর মোহনায় সক্রিয় তার দল।”
সাগরে ডাকাতির পাশাপাশি জেলেদের অপহরণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের মতোঅপরাধের সঙ্গেও ‘কালাম বাহিনী’ জড়িত বলে জানান এই র্যাব কর্মকর্তা।
এর আগে গত ১৩ জুন হাতিয়া উপকূল থেকে ‘কালাম বাহিনীর’ পাঁচ জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব।
এদের মধ্যে বাহিনীর ‘নদী কমান্ডার’ মো. আমির(২৬) ছিলেন।
মেজর আশিক বলেন, আমিরকে গ্রেপ্তারের পর নিঝুম দ্বীপের কুদ্দুসের ছেলে রাসেলকে ‘নদী কমান্ডার’ করে আবারও সাগরে ডাকাতি শুরু করে কালামের বাহিনী।
টোকেন না নিলে অপহরণ
চলতি ইলিশ মৌসুমে ‘কালাম বাহিনী’ সাগরে পুরোপুরি সক্রিয় হয় বলে জানান র্যাব কর্মকর্তারা।
আশিক বিল্লাহ বলেন, সাগরে ও মোহনায় ডাকাতির পাশাপাশি ফোন করে জেলেদের টোকেন নেওয়ার জন্যও হুমকি দিতেন কালাম। মাসিক ২০ থেকে ৫০ হাজার টাকায় প্রতিটি টোকেন বিক্রি করা হত।
“টোকেন না নিলে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত বলে স্বীকার করেছে কালাম। টোকেন ছাড়া মাছ ধরায় গত ২০ জুন সাগরে তিনটি ট্রলার থেকে সাত জেলেকে অপহরণ করে কালাম বাহিনী।”
ভাগাভাগির দ্বন্দ্বে দলের সদস্য খুন ও গুম
মেজর আশিক বিল্লাহ বলেন, ডাকাতির টাকার ভাগ নিয়ে কোন্দলের জেরে গত ২৯ মে জুনায়েত ওরফে রুবেল নামে দলের এক সদস্যকে কালামের নির্দেশে গুলি করে হত্যার পর লাশ সাগরে ডুবিয়ে দেওয়া হয়।
“সাগরে ডাকাতির পাশাপাশি টাকার বিনিময়ে ইয়াবার চালান পৌঁছে দেওয়া ও ইয়াবা বিক্রির সঙ্গেও কালাম জড়িত।”
গ্রেপ্তারের পর কালামের বাসা ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে মোট আটটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ইয়াবা, ইয়াবা বিক্রির ১৬ লাখ টাকা, ১৫টি রকেট ফ্লেয়ার, ২৬টি মোবাইল ফোনসেট ও বেশকিছু বাঁশি উদ্ধার করে র্যাব।
