২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ সচেতনতায় ‘চট্টগ্রামবাসীদের চেয়ে এগিয়ে কলকাতাবাসীরা’

পরিবেশ রক্ষায় চট্টগ্রামের নাগরিকদের চেয়ে কলকাতার নাগরিকরা বেশি সচেতন বলে এক গবেষণায় উঠে এসেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 07:56 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

‘পরিবেশ দূষণ রোধে পলিথিনের কার্যকরী ব্যবস্থাপনা: মনোভাব, দায়বদ্ধতা ও সততা- কলকাতা ও চট্টগ্রামের তুলনামূলক বিশ্লেষণ’ শীর্ষক এক গবেষণায় একথা বলা হয়।

বুধবার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি-ইডিইউর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ গবেষণার তথ্য জানিয়ে বলা হয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের দশম আন্তজার্তিক গবেষণা কনফারেন্সে এই গবেষণাপত্রসহ অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন ইডিইউর অর্থনীতি বিভাগের শিক্ষক অনন্যা নন্দী।

যুক্তরাষ্ট্রের ‘কমন গ্রাউন্ড রিসার্চ নেটওয়ার্ক’ দুই দিনব্যাপী এ গবেষণা কনফারেন্সের আয়োজন করে থাকে।

অনন্যার সঙ্গে যৌথ এ গবেষণায় ছিলেন কলকাতার ইআইআইএলএম ইনস্টিটিউটের দুই গবেষক ড. শর্মিষ্টা দাস ও জয়ন্ত সাহা।

কলকাতা ও চট্টগ্রাম নগরীর যত বর্জ্য তার ৭০ থেকে ৮০ ভাগই পলিথিন বলে গবেষণায় উঠে এসেছে।

পলিথিনের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ দুই শহরে কার্বনডাই অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড আশঙ্কাজনক হারে বাড়ছে বলেও গবেষণায় বলা হয়।

এতে বলা হয়, চট্টগ্রামের কাঁচাবাজারগুলোতে যে পরিমাণ পলিথিনের ব্যবহার হয়, কলকাতায় তেমনটা হয় না। কলকাতার লোকজনের পরিবেশসচেতনতা চট্টগ্রামের চেয়ে বেশি।

ইডিইউর শিক্ষক অনন্যা নন্দী বলেন, পাটের থলে তুলনামূলক দাম বেশি হওয়ায় চট্টগ্রামের ক্রেতারা তা ব্যবহার করতে চান না। তবে এ মনোভাবের পরিবর্তন হচ্ছে।

“সিঙ্গাপুরেরর আন্তজার্তিক কনফারেন্সে পলিথিনের ব্যবহার কমিয়ে এনে কিভাবে পাটকে আরও সহজলভ্য করা যায় সে বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেছি।”