২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত, ফের জলাবদ্ধতার শঙ্কা

ভারি বর্ষণে তলিয়ে যাওয়ার পর কিছু সময়ের বিরতিতে পানি নামতে না নামতেই বৃষ্টি চলতে থাকায় ফের জলাবদ্ধতার শঙ্কায় পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 01:49 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

আগের দিনে বর্ষণে নগরীর কোথাও কোথাও এখনও পানি জমে থাকার মধ্যে মঙ্গলবার সকাল থেকে ফের হালকা বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবারও বর্ষণ অব্যাহত থাকবে, যা ভারি বর্ষণেও রূপ নিতে পারে।

রোববার রাত থেকে নগরী ও আশেপাশের কয়েকটি উপজেলায় ভারি বর্ষণ শুরু হয়। এতে সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যেতে শুরু করে।

সোমবার বিকাল পর্যন্ত নগরীর আগ্রাবাদ, হালিশহর, দুই নম্বর গেইট, মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়াসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা ছিল।

বৃষ্টি কমায় সোমবার রাত থেকে এসব এলাকায় পানি নামতে শুরু করে।

তবে মঙ্গলবার দুপুরেও নগরীর হালিশহরের একাংশ, শান্তিবাগ, বড়পোল, আগ্রাবাদ এক্সেস সড়ক, ব্যাপারি পাড়াসহ আশেপাশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ছিল।

নগরীর বগার বিল এলাকার বাসিন্দা মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বৃষ্টি থামার পর থেকে পানি নামতে শুরু করে। সকালের দিকে পুরোপুরি নেমে গেছে।

তবে নগরীর বাদুলতলা, চকবাজার ও আরাকান সোসাইটি এলাকায় বেলা ১২টার দিকেও গোড়ালি পরিমাণ পানি সড়কে জমে ছিল।

অন্যদিকে আগ্রাবাদ এক্সেস সড়কেও ছিল জলাবদ্ধতা।

ওই এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুমন পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিবাগ ও বড়পোল হয়ে ব্যাপারিপাড়া পর্যন্ত সড়কে পানি জমে আছে। তবে গতকালের চেয়ে পরিমাণে কিছুটা কম।

সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত নগরীর আমবাগান আবহাওয়া অফিসে ১৪৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরীর দক্ষিণ প্রান্তে পতেঙ্গা আবহাওয়া অফিসে সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ১২৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত নগরীতে ১৬৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

সে হিসেবে রোববার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরীতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তংচংগ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৪ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বার্তা অনুসারে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় বৃষ্টিপাত হচ্ছে।