চট্টগ্রামে হত্যার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার
চট্টগ্রামে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার ব্যাংক পাহাড় থেকে মো. ফরিদ (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরিদ বায়েজিদ আবাসিক এলাকার ডা. এসএম কামাল উদ্দিনের ছেলে।
তিনি বায়েজিদ বোস্তামী থানার ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ জানিয়ে ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অভিযেগে সাতটি মামলা রয়েছে। ২০০০ থেকে ২০০৮ সালের মধ্যে এসব মামলা হয়।
“বায়েজিদ আবাসিক এলাকায় বাসা হলেও ফরিদ বাংলাবাজার ব্যাংক পাহাড়ে একটি আস্তানা গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।”
ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে বলে জানান ওসি।
