২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি আইনে সাংবাদিকের বিরুদ্ধে হাছান মাহমুদ অনুসারীর মামলা

চট্টগ্রামে দৈনিক সমকালের প্রতিবেদকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হাছান মাহমুদের অনুসারী এক ইউপি চেয়ারম্যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 01:41 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

সোমবার রাঙ্গুনিয়া থানায় ৫৭ (২) ধারায় করা মামলাটিতে সমকাল চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদক তৌফিকুল ইসলাম বাবরকে আসামি করা হয়েছে।

মামলার বাদী উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন।

সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের অনুসারী মিল্টন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের পদেও রয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ জুন সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বাদী ও রাজানগর ইউনিয়ন চেয়ারম্যানকে স্থানীয় এমপি হাসান মাহমুদের ‘খাস লোক’ আখ্যায়িত করে তাদেরকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলা হয় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।

গত ১৮ জুন রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে যাওয়ার পথে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজারে হামলার শিকার হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতাদের বহনকারী গাড়ি।

এ হামলার জন্য বিএনপি হাছান মাহমুদের অনুসারীদের দায়ী করে আসছে।

গত ২২ জুন সমকাল ‘খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

মামলার বাদী ইকবাল হোসেন চৌধুরী মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সাথে এমপি হাছান মাহমুদ, আমাকে এবং রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলামকে জড়িয়ে সংবাদটি প্রকাশিত হয়।

“এ কারণে ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।”