২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ঝুট কাপড়ের গুদাম

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একটি ঝুট কাপড়ের গুদাম পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 12:10 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

সোমবার ভোরে পতেঙ্গা থানার দক্ষিণ মুসলিমাবাদ এলাকায় এ আগুনের ঘটনায় গুদামের পাশের একটি আবাসিক ভবনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ইপিজেড স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ইপিজেড স্টেশনের দুইটি গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, তিনতলা আবাসিক আবাসিক ভবন ও এক তলা মার্কেটের মাঝামাঝি স্থানে টিনের চাল দিয়ে ঝুট কাপড়ের গুদামটি তৈরি করা হয়। আগুনে ভবনের এক পাশ আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ওসমান গণি বলেন, গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। প্রাথমিকভাবে মনে হচ্ছে ‘বিড়ি-সিগারেটের আগুন’ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

অগ্নিকাণ্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।