চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চলছে জোড়াতালি দিয়ে
লোকবল সঙ্কট, নিজস্ব বাহিনী না থাকা আর কর্মকর্তাদের পর্যাপ্ত ক্ষমতা না থাকায় কোনোরকমে চলছে চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পর্যাপ্ত সুবিধা না থাকা এবং জনবল সঙ্কটের কারণে মাদক বিরোধী বড় ধরনের অভিযানে পুলিশের ওপরই ভরসা রাখতে হচ্ছে অধিদপ্তরের।
তবে কর্মকর্তারা বলছেন, নানা সঙ্কটের মধ্যেও তাদের সাফল্য একেবারে কম নয়।
চট্টগ্রামে নগর, জেলা ও গোয়েন্দা তিনটি বিভাগ রয়েছে অধিদপ্তরের। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিপ্তরের অনেক পদই ফাঁকা।
জনবল কাঠামো অনুযায়ী একজন উপ-পরিচালকের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শকের সাতটি পদের বিপরীতে আছেন চারজন, চারজন করে তত্ত্বধায়ক ও উপ-পরির্দশক পদের সবগুলোই ফাঁকা। ১৪ কনস্টেবল পদের বিপরীতে আছেন সাতজন।
আবার তাদেরও বিভিন্ন সময়ে যেতে হয় কর্মস্থলের বাইরে পূর্ব কর্মস্থলে থাকাকালীন বিভিন্ন মামলার সাক্ষ্য দিতে।
এদিকে ১৪টি উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম জেলায় রয়েছে হাটহাজারি ও পটিয়া সার্কেল। জনবল কাঠামো অনুযায়ী এ দুই সার্কেলের দায়িত্বে একজন উপ-পরিচালক।
দুইজন করে পরিদর্শক, সহকারী পরিদর্শক, উপ-সহকারী পরিদর্শক পদ থাকলেও কর্মরত আছেন একজন করে। ছয়জন কনস্টেবলের বিপরীতে আছেন তিনজন।
চট্টগ্রামের বিভগের ১১টি জেলায় অধিদপ্তরের গোয়েন্দা শাখায় আছেন একজন সহকারী পরিচালক, একজন করে পরিদর্শক ও সহকারী পরিদর্শক। এছাড়া তিনজন কনস্টেবল কর্মরত আছেন।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন পর্যায়ে অধিদপ্তরের কাজ নিয়ে প্রশ্ন উঠলেও কর্তাদের মুখে সন্তুষ্টির ছাপ।
চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড এলাকায় অবস্থিত অধিদপ্তরের চট্টগ্রামের তিনটি কার্যালয়। তার পাশেই রেলওয়ে স্টেশন কলোনি, বরিশাল কলোনি, মরিচ্চা গলি, ধোপা পাড়া এলাকায় রয়েছে মাদক ব্যবসা নিয়ন্ত্রকদের অন্যতম সিন্ডিকেট।
পাশাপাশি এসব জায়গা অন্যতম মাদক স্পট হিসেবে পরিচিত। এসব স্থানের আশপাশে ছোট ছোট অভিযান চালানো হলেও বড় কোনো অভিযানের সময় পুলিশের সহায়তা নিতে হয় অধিদপ্তরের।
অধিদপ্তরের কর্মকর্তা শামীমের দাবি, সামর্থ্যের মধ্যে পুরোটাই করছেন তারা এবং জনবল অনুপাতে অন্যান্য সব বাহিনীর চেয়ে তাদের সাফল্য বেশি।
তিনি বলেন, “মাদক উদ্ধারের জন্য পূর্ণাঙ্গ বাহিনী হতে আমাদের অস্ত্র, মোবাইল, মাদক শনাক্তকরণ যন্ত্র ও ঝুঁকি ভাতার ব্যবস্থা করতে হবে।”
