রাতে ‘ধরে নিয়ে যাওয়ার পর’ সকালে লাশ উদ্ধার
চট্টগ্রামের চর পাথরঘাটায় খালে পাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যাকে আগের রাতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।
রোববার ভোরে কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার নজীর মুন্সীর বাড়ি সংলগ্ন খাল থেকে মোহাম্মদ আলমগীর নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গভীর রাতে ঘরে ফেরার সময় কয়েকজন লোক আলমগীরকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবার।
“ভোর বেলা তার লাশ পাওয়ার পর পুলিশ গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়। আলমগীরের কানের পেছনের অংশে ক্ষত এবং গলায় কালো দাগ দেখা ছিল।”
চাচাতো ভাইদের সঙ্গে আলমগীরের জমি নিয়ে বিরোধ ছিল জানিয়ে পরিদর্শক হাসান ইমাম বলেন, ওই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
