চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সেতুর নিচে ট্রেনে কাটা পড়ে পোশাক কারখানার কর্মী এক তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আয়েশা (২০) নগরীর বায়েজিদ এলাকায় থাকতেন। তিনি রাঙামাটি জেলার লংগদু এলাকার ইদ্রিস আলীর মেয়ে।
চট্টগ্রাম জিআরপি থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ের শেড থেকে একটি ইঞ্জিনটি চট্টগ্রাম রেল স্টেশনের দিকে যাওয়ার পথে তার নিচে পড়েন ওই তরুণী।
“রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণী কাটা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়েশাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
