ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবাহী ট্রাকচাপায় নারী নিহত
চট্টগ্রামের বাড়বকুণ্ডে রডবাহী ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন।
আনুমানিক ৫৫ বছর বয়সী নিহত ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড অংশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক এসএম জাহাঙ্গীর হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারী বাড়বকুণ্ড বাজারে ভিক্ষা করতেন। সকালে ঢাকাগামী রডবাহী একটি ট্রাক রাস্তা পারাপারের সময় তাকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলে ওই মহিলা নিহত হয়।”
পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
