চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ ২ ‘বিক্রেতা’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরী থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক বিক্রেতাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নতুন পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন (৪৪) ও মহিবুল্লাহ ওরফে মাহবুব (৫৫) কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
তারা পেশাদার ‘মাদক বিক্রেতা’ বলে ভাষ্য বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিনের।
ওসি আরও জানান, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ভোরে চট্টগ্রামে আসার পর সেগুলো নিয়ে হাটহাজারিতে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ভোর বেলায় তারা ইয়াবাগুলো পাচারের সময়কে বেছে নিয়েছিল।”
এদিকে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবদে আরও তিনজন ইয়াবা বিক্রেতার নাম পাওয়া গেছে এবং তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
