২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকুনগুনিয়া চিকিৎসায় চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ

চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জার প্রাথমিক লক্ষণ প্রায় একই হওয়ায় এ ধরনের রোগের চিকিৎসায় চিকিৎসকদের সতর্ক হওয়ার পরামর্শ এসেছে এক সেমিনার থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 11:43 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, চিটাগাং চ্যাপ্টার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব ট্রপিক্যাল মেডিসিন যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রুবেল আমিন বলেন, ঢাকায় প্রতিদিন আট থেকে দশজন চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে।

“সমস্যা হচ্ছে এ চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জা- এ তিনটি রোগের উপসর্গ প্রায় একই রকম। প্রাথমিকভাবে কিছু লক্ষণ দেখে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মধ্যে পার্থক্য করতে হবে আমাদের। সেজন্য চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।”

চিকুনগুনিয়া রোগের সাথে হার্ট ডিজিজ ও ডায়বেটিক থাকায় এ পর্যন্ত একজন মারা গেছে বলে জানান তিনি।

চিকুনগুনিয়া রোগ সম্পর্কে জানা এখন গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, চিকুনগুনিয়া সম্পর্কে প্রায়োগিক জ্ঞান অর্জন করার সময় এখন যাতে আমরা একটা গাইডলাইন তৈরী করতে পারি।

সাধারণত এ চিকুনগুনিয়ার প্রকোপ জুলাই থেকে অগাস্টে হয়ে থাকে বলে জানান তিনি।

গত নয় বছরে বাংলাদেশে চারবার চিকুনগুনিয়া শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম ২০০৮ সালে রাজশাহী জেলার পবাতে এ রোগ পাওয়া যায়। এরপর পাবনাতে ২০০৯ সালে, ঢাকার দোহারে ২০১১ সালে ও সর্বশেষ ২০১৭ সালে।

সেমিনারে মেরিন সিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মাহতাব উদ্দিন হাসান বলেন, চট্টগ্রামে এখনো চিকুনগুনিয়ায় আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন, অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চমেক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, এম এ সাত্তার, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এম এ হাসান।