চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ওপর হকারদের হামলা
চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে উচ্ছেদে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের উপর হকারদের হামলায় এক কাউন্সিলরসহ পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালতের উপর এ হামলায় ভাংচুর হয়েছে সিসিসির ভারি স্থাপনা ভাঙার একটি গাড়ি (স্কিড স্টেয়ার লোডার)।
নগরীর অলংকার মোড়ে সড়কের একপাশে নালার উপর স্ল্যাব বসিয়ে ব্যবসা করে আসছে হকাররা। এবারের বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তির মধ্যে হকারদের সরিয়ে নালা পরিষ্কারের কাজ করার জন্য ওই অভিযান চালায় সিসিসি।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শনজিদা সরমিন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে হকারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। হকারদের সরিয়ে সিসিসির শ্রমিকরা কাজ শুরুর পর পুলিশসহ ম্যাজিস্ট্রেট অন্য স্থানে চলে যান। এর কিছুক্ষণ পরই হামলা করে হকাররা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শনজিদা সরমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হকারদের আমরা বলেছি, তাদের তালিকা হচ্ছে। স্থাপনা সরিয়ে নালা পরিষ্কার করবে সিসিসি। পরে তালিকা অনুযায়ী হকাররা সেখানে বসতে পারবে।”
হকাররা রাজি হয়েছিল জানিয়ে তিনি বলেন, “অলংকার মোড় থেকে অন্য স্থানে অভিযানে চলে যাই আমি। পরে শুনি হামলা হয়েছে।
“যতদূর মনে হচ্ছে স্থানীয় কাউন্সিলরের সাথে দ্বন্দ্ব থেকে হকাররা এ হামলা করে থাকতে পারে।”
হামলায় কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানান তিনি।
হকারদের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সাথে কারো দ্বন্দ্ব নাই। অভিযানে গিয়ে ঘটনাস্থল থেকে ম্যাজিস্ট্রেট অন্যত্র যাওয়ার সঙ্গে সঙ্গে হকাররা এ হামলা করে।”
হকারদের পাথর নিক্ষেপে নাকে আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
উচ্ছেদের সময় ঘটনাস্থলে থাকা সিসিসির নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অলংকার মোড়ে সড়কের একপাশে প্রায় দেড়শ ফুট নালার উপর স্ল্যাব বসিয়ে ব্যবসা করে আসছে হকাররা।
“ওই এলাকায় জলাবদ্ধতার প্রকোপ কমাতে নালা পরিষ্কার করাটা জরুরি ছিল। নালা পরিষ্কার করতে গেলে প্রায় শদেড়েক হকার পাথর নিক্ষেপ শুরু করে। পরে লাঠিসোটা নিয়ে হামলা করে আমাদের উপর। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছে।”
হকারদের হামলায় স্ল্যাব ভাঙার যন্ত্র (স্কিড স্টেয়ার লোডার) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
