‘ক্রেতা সেজে চুরি’: চট্টগ্রামে গ্রেপ্তার ৩
ক্রেতা সেজে দোকান থেকে মালামাল চুরির অভিযোগে চট্টগ্রামে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. সৈয়দ ওরফে লাদেন (৩৩), তাজ মোহাম্মদ (৪০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)। এদের সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলছে পুলিশ।
সোমবার রাতে বাকলিয়া থানার তুলাতলী এলাকার এক বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই বাসা থেকে বেশ কিছু শাড়ি, প্যান্ট, জুতা ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।”
ওসি প্রণব বলেন, নগরীর বিভিন্ন মার্কেটে তারা ক্রেতা সেজে ঘুরে বেড়ায়। ও ভিড় দেখে কোনো একটি দোকানে প্রবেশ করে। মার্কেটে যে দোকানে ক্রেতা বেশি সে দোকানটিতে তিন জন একসাথে প্রবেশ করে।
“লাদেন ও তাজ বিভিন্ন মালামাল দেখার কথা বলে দোকানিকে ব্যস্ত রাখেন, আনোয়ারা সেখান থেকে বিভিন্ন মালামাল কৌশলে চুরি করে।”
ঈদ সামনে রেখে চক্রটি সক্রিয় হয়ে উঠেছে সে ধরনের গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাদের বাসায় অভিযান চালানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
