চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে খাল পুনরুদ্ধারের তাগিদ
নগরীর জলাবদ্ধতা দূর করতে দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিজ নিজ দখলে থাকা খালের জায়গা ছেড়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।
সম্প্রতি ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। বৃষ্টির পানি নামতে না পেরে নগরীর ষোলশহর, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়া ও আরাকান সড়কের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু, কোথাও কোমর পানিতে ডুবে যায়।
জিল্লুর রহমান বলেন, চট্টগ্রামের বেশ কয়েকটি খাল দখলের শিকার। এখন জলাবদ্ধতা দূর করতে খালগুলো উদ্ধারের কোনো বিকল্প নেই।
“অনেকে নিজেদের সঞ্চয় দিয়ে খালের জায়গায় নানা স্থাপনা তৈরি করেছেন। জলাবদ্ধতা থেকে মুক্ত হতে হলে তো খালগুলো অবশ্যই খনন করতে হবে।”
দুর্দশা লাঘবে সবাই যদি সচেতন ও মানবিক হয়ে খালের জায়গা ছেড়ে দেন তবেই জলাবদ্ধতা থেকে মুক্তি সম্ভব বলে মনে করেন জেলা প্রশাসক।
“দখলে রেখে খাল খনন তো হবে না। সবাইকে তাই ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।”
চট্টগ্রামের হালদা ও কর্ণফুলি নদী রক্ষায় একটি ‘রিভার মাস্টারপ্ল্যান’ তৈরি হচ্ছে বলে জানান জিল্লুর রহমান।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর আয়োজিত পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জাফর আলম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুদ করিম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কামাল হোসাইন এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরিয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।
চট্টগ্রামে পাকিস্তান শাসনামলে প্রণীত একটি ‘মাস্টারপ্ল্যানে’ শহরের কালুরঘাট থেকে নেভাল একাডেমি পর্যন্ত ৩৪ টি খালের মুখ চিহ্নিত করা হয়েছিল।
কিন্তু সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম ওয়াসা যৌথভাবে নতুন ড্রেনেজ ও স্যুয়ারেজ মাস্টারপ্ল্যানের জন্য যে জরিপ শুরু করে, সেটাতে প্রথম মাস্টারপ্ল্যানে থাকা ৩৪টি খালের মধ্যে পাওয়া গেছে ২২টি। বাকি ১২টি খালের অস্তিত্বই পাওয়া যায়নি।
বর্তমানে বর্ষায় চট্টগ্রাম শহরের এক-তৃতীয়াংশ ডুবে যায়।
