চট্টগ্রামে দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকাশা চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে বায়েজিদ বোস্তামী থানার বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ওই থানার এসআই নিদর্শন বড়ুয়া জানান।
নিহত চালকের নাম কিরণ বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানতে পারেননি তিনি।
এসআই নিদর্শন বড়ুয়া বলেন, সকালে হাটহাজারীর দিকে যাওয়ার পথে বটতল এলাকায় অটোরিকশাটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়।
“প্রত্যক্ষদর্শীরা বলেছেন, চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগার পর সামনের কাচ ভেঙে যায়। এর মধ্যে চালক সামনের দিকে ঝুঁকে পড়ায় ভাঙা কাচে তার গলায় আঘাত লাগে।”
স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই নিদর্শন বলেন, চালকের কাছে কোনো ড্রাইভার্স লাইসেন্স পাওয়া যায়নি। গাড়ির অন্যান্য কাগজপত্র দেখে মালিকের সঙ্গে যোগাযোগ করে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
