২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ‘এলাকাবাসীর’ হামলা

বিদ্যুতের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 06:22 PM

Updated : 19 Aug 2022, 04:46 PM

শনিবার দুপুরে পটিয়া উপজেলা সদরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানান পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

এদিকে এ হামলায় পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির পটিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক এ এইচ এম মোবারক উল্যা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর সোয়া ১২ টার দিকে একদল উচ্ছৃঙ্খল লোক সমিতির কার্যালয়ে হামলা চালালে আমাদের দুইজন কর্মকর্তা আহত হন।”

আহত কর্মককর্তারা হলেন- সহকারী হিসাবরক্ষক সুমাইয়া আক্তার ও জ্যেষ্ঠ হিসাবরক্ষক রেহানা আক্তার।

মোবারক উল্যা বলেন, “ঘূর্ণিঝড় মোরার প্রভাবে সবখানেই বিদ্যুতের সংকট চললেও আমি তিনদিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করেছি। তারপরও কেন, কারা কি উদ্দেশ্যে হামলা করেছে বুঝতে পারছি না।

“আমি এখানে গত বছর যোগদান করার পর দুর্নীতি অনেক কমিয়েছি। সেটা একটা কারণ হতে পারে হামলার। এ ঘটনায় আমরা আইনানুনগ ব্যবস্থা নেব।”

হামলায় কার্যালয়ের ১০টি কম্পিউটার, কাঁচ, চেয়ার-টেবিলের ক্ষতি করা হয়েছে বলে জানান তিনি।

পটিয়ার ওসি নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ নাই। বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা করেছে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান তিনি।