২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃষ্টি, ফের জলাবদ্ধতার শঙ্কা

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টিতে একদফা জলাবদ্ধতা কাটিয়ে না উঠতেই আবার শঙ্কার মধ্যে পড়েছেন চট্টগ্রামের বাসিন্দারা।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 04:02 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

পশ্চিমা লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম নগরীতে শুক্রবার থেকে শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এ বৃষ্টি চলতে পারে কয়েকদিন।

এরই মধ্যে শনিবার দুপুর পর্যন্ত নগরীর কয়েকটি স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

লঘুচাপ ও মৌসুমী বায়ুর কারণে শুক্রবার ভোর রাত থেকে শুরু হয় বৃষ্টি। সকাল সাড়ে ৮টার পর শুরু হয় বজ্রসহ বৃষ্টি।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহাম্মদ জানিয়েছেন, বেলা ১২টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা।

“মৌসুমের প্রথম মৌসুমী বায়ু সক্রিয় আছে চট্টগ্রাম অঞ্চলের উপর। তাই আরও দুই থেকে তিনদিন বৃষ্টি হতে পারে।”

Image
ঘুর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানিতে ডুবে যায়।

ঘুর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানিতে ডুবে যায়।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

অধিদপ্তরের পূর্বাভাসে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে।

তবে ঘূর্ণিঝড় মোরার কারণে বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, আগ্রাবাদ এক্সেস সড়ক ও আশপাশের অধিকাংশ এলাকায় সেই পানি নেমে গেছে।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে চট্টগ্রামে গত মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ভারি ও মাঝারি ধরনের বৃষ্টি হয়। আর সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টি শুরু হয় এবং গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলে ভারি বর্ষণ।

রাতে নদীতে জোয়ার থাকায় বৃষ্টির পানি নামতে না পেরে নগরীর ষোলশহর, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়া, আরাকান সড়কের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু, কোথাও কোমর পানিতে ডুবে যায়।

আবার বৃষ্টি শুরু হওয়ায় জলাবদ্ধতার শঙ্কায় পড়েছেন আগ্রবাদ ও হালিশহরের বাসিন্দারা।

চান্দগাঁও এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী বখতেয়ার সুমন বলেন, “ফরিদার পাড়া, হংস পাড়া, চান্দগাঁও বি ব্লক, হামজারবাগ এসব এলাকায় শুক্রবার রাতে পানি নামতে শুরু করে। এখন আবার উঠতে শুরু করেছে।”

Image
ঘুর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানিতে ডুবে যায়।

ঘুর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানিতে ডুবে যায়।

বাদুরতলা এলাকার বাসিন্দা আতিকুর রহমান জানান, আরাকান হাউজিং সোসাইটি থেকে পানি নেমেছে। কিন্তু জঙ্গি শাহ মাজার ও বাদুরতলা এলাকায় এখনো জলাবদ্ধতা আছে।

নগরীর ডিসি রোডের বাসিন্দা তানিম আহমেদ বলেন, সকালে বৃষ্টির সাথে জোয়ারের পানি যোগ হওয়ায় মিয়া খান নগর, তুলাতলি, বগার বিল এসব এলাকায় আবার পানি উঠেছে।

অন্যদিকে আগ্রাবাদ এক্সে সড়ক, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ, বন্দর আাবাসিক এলাকা ও হালিশহরের বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেছে।

পোর্ট কলোনির বাসিন্দা সুমন পাটোয়ারি বলেন, “তিন দিন ধরে মহেশখালের বাঁধ দিয়ে পানি নামার পর জলাবদ্ধতা নেই। কিন্তু আবার কয়েকদিন টানা বৃষ্টি হলে কি হবে সেই ভয়ে আছি।”

আগ্রাবাদ বেপারী পাড়া থেকে এখনো সরেনি জমে থাকা পানি।

বেপারী পাড়ার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, “পানি কিছুটা কমলেও পুরো সরেনি। পাম্প বসিয়ে কিছু পানি বাড়ির উঠান থেকে সরিয়েছি। আবার বৃষ্টি পড়ছে। কয়দিন পানিবন্দি থাকতে হবে জানি না।”