২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় মোরা: তিনদিন পরও সাগরে জীবিত

ঘূর্ণিঝড় মোরার উপকূলে আঘাত হেনে চলে যাওয়ার তিন দিন পর বঙ্গোপসাগর থেকে দুই জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 10:40 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

গভীর সাগরে উত্তাল ঢেউয়ের মাঝে ভাসমান অবস্থা থেকে তাদের তুলে নিয়ে নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা শুক্রবার বহির্নোঙরের কাছে নিয়ে আসে।

সেখান থেকে নৌবাহিনীর আরেকটি জাহাজে করে পতেঙ্গায় নিয়ে আসার পর সন্ধ্যায় তাদের সিমেন্ট ক্রসিং এলাকার বাংলাদেশ নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন- এনায়েত উল্লাহ ও আবু বকর সিদ্দিক। তারা দুজনই কক্সবাজার জেলার মহেশখালী এলাকার বাসিন্দা।

নৌবাহিনীর কমান্ডার জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে প্রায় ৫০ নটিকেল মাইল দূরে নিখোঁজদের জন্য তল্লাশি চালাচ্ছিল বানৌজা স্বাধীনতা।

“এসময় তারা কয়েকটি স্যান্ডেল ও কিছু ভাসমান জিনিসপত্র দেখতে পায়। এগিয়ে গিয়ে একটি লাইফ জ্যাকেট পরা মৃতদেহের সন্ধান পায় ‍উদ্ধারকারীরা।”

বানৌজা স্বাধীনতায় থাকা নৌবাহিনীর উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জয়নাল আবেদীন বলেন, ওই মৃতদেহের শরীর প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত। এরপর আরও এগিয়ে ভাসমান দুই জনকে দেখতে পেলে তাদের উদ্ধার করা হয়।

“সাগরে জেরিকেন ধরে তারা ভেসেছিল। তারা শারীরিকভাবে খুবই দুর্বল। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

জয়নাল আবেদীন বলেন, তিন দিনেরও বেশি সময় ধরে সাগরে ভেসে থাকা খুবই আশ্চর্যজনক। তাদের এখন চিকিৎসা চলছে।

ঘূর্ণিঝড় মোরার আঘাতের পর বঙ্গোপসাগরের বিভিন্ন অংশ থেকে চার দিনে মোট ৮৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী।

গত মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার ও উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে সাত জন নিহত হয়।