ঘূর্ণিঝড়ের ত্রাণ বিতরণে অনিয়মে ছাড় নেই: মায়া
ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জন্য দেওয়া ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শুক্রবার বিকালে চট্টগ্রাম নৌ বাহিনীর হাসপাতালে ঘূর্ণিঝড়ে সাগর থেকে উদ্ধার হওয়ার চার জনকে দেখতে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।
ত্রাণমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় আক্রান্তদের বিতরণের জন্য ত্রাণ সামগ্রীর কোনো স্বল্পতা নেই। আক্রান্তদের ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে কোনো রকম দুর্নীতি হলে তা সহ্য করা হবে না।
“ত্রাণ বিতরণ নিয়ে কেউ ছিনিমিনি করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।”
গত মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার ও উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে সাত জন নিহত হয়।
দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনীর পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান মন্ত্রী।
“বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে এখন পর্যন্ত ৮৫ জনকে উদ্ধার করেছে। বাংলাদেশ নৌ বাহিনীর উদ্ধার কাজ এখনও চলছে।”
শুক্রবার বিকালেও গভীর সমুদ্র থেকে নৌবাহিনী একজনকে উদ্ধার করেছে বলে জানান দুর্যোগমন্ত্রী।
এসময় নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন চার জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেন তিনি।
