২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য চট্টগ্রামে ভারতীয় ত্রাণ হস্তান্তর

বাংলাদেশের প্রয়োজনে ত্রাণ সাহায্য নিয়ে আসতে আরও কয়েকটি ভারতীয় জাহাজ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 01:46 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে ভারতীয় জাহাজে নিয়ে আসা ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে এ প্রস্তুতির কথা জানান তিনি।

সকাল ৭টার দিকে ত্রাণ সামগ্রী ও গভীর সমুদ্র থেকে উদ্ধার করা ৩৩ বাংলাদেশি জেলেকে নিয়ে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে ভারতীয় জাহাজ ‘আইএনএস সুমিত্রা’।

শ্রিংলা বলেন, ঘূর্ণিঝড় মোরায় নিহতের ঘটনায় আমরা শোক জানাচ্ছি। আইএনএস সুমিত্রা প্যাকেটজাত খাবার, তাবু, কাপড়চোপড় ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামসহ চট্টগ্রাম এসেছে।

“আমরা অন্য জাহাজগুলোকে প্রস্তত রেখেছি, যাতে ত্রাণ সামগ্রী বিতরণসহ বাংলাদেশের যে কোনো প্রয়োজনে কাজে আসতে পারে।”

সকালে আইএনএস সুমিত্রা নোঙর করেছে জানিয়ে তিনি বলেন, “জাহাজটিতে থাকা ত্রাণসামগ্রী এখানে খালাস হবে। যদি বাংলাদেশের আরও সাহায্য লাগে সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি।”

বন্ধু ও বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের মানুষকে যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে পাশে থাকবে বলে তিনি জানান।

“এ সাইক্লোনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারত। সরকার যথাযথ পূর্ব প্রস্তুতি নেওয়ায় সেটা হয়নি।”

আইএনএস সুমিত্রা বাংলাদেশের আসার পথে ৩৩ জনকে উদ্ধার করেছে। তারা সবাই মহেশখালী উপজেলার।

ত্রাণ তৎপরতায় সহযোগিতা করার জন্য বাংলাদেশ নেভি, জেলা প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় এ কূটনীতিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও আইএনএস সুমিত্রা’র কমান্ডিং অফিসার পি কে শ্রিনান।