২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডিবি হেফাজতে জামায়াতকর্মীর মৃত্যু

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হেফাজতে মারা গেছেন জামায়াতে ইসলামীর এক কর্মী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 11:27 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

হেফাজতে অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহমেদ ছফা (৪২) নামে ওই ব্যক্তিকে। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আহমেদ সাতকানিয়া উপজেলার উত্তর রামপুরার বাসিন্দা ছিলেন।

গত ২৪ মে রাতে চকবাজার এলাকায় ‘গোপন বৈঠক’ থেকে তাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা পুলিশ হেফাজতে তিনি অসুস্থবোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।”

ছফা যক্ষ্মা, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন বলে এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা পুলিশের কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকবাজার থানার সন্ত্রাসবিরোধী আইনে ছফাসহ গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিকালে কারাগার থেকে গোয়েন্দা পুলিশের হেফাজতে আনা হয়েছিল।

“সন্ধ্যায় তিনি অসুস্থবোধ করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”