২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা কম করুন: ব্যবসায়ীদের মেয়র নাছির

রমজানে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা পরিহার করতে ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি ও চিন্তা-চেতনা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2017, 09:06 PM

Updated : 25 Jul 2022, 08:59 PM

রোববার নগর ভবনে দ্রব্যমূল্য ‍বৃদ্ধি রোধে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি বলেন, “ব্যবসায়ীদের বিবেক দ্বারা পরিচালিত হতে হবে। চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে হবে। পবিত্র রমজানকে পুঁজি করে অধিক মুনাফা করার প্রবণতা পরিহার করতে হবে ব্যবসায়ীদের।

“অধিক মুনাফার জন্য মূল্যবৃদ্ধি করা, গুদামজাত করা, ভেজাল পণ্য বিক্রি করা ও ওজনে কম দেওয়া প্রতারণার সামিল। এ ধরনের অপকর্ম থেকে ব্যবসায়ীরা আশা করি বিরত থাকবেন, চিন্তা-চেতনায় পরিবর্তন এনে বিবেক দ্বারা চালিত হবে ব্যবসায়ী সমাজ।”

মেয়র বলেন, “জরিমানা ও শাস্তি দিয়ে কাঙ্খিত ফল পাওয়ার চেয়ে আমরা ব্যবসায়ীদের দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ বাড়াতে চাই। নীতি-নৈতিকতা ও ঈমানের সাথে ব্যবসার পূণ্য হাজার গুণ বেশি।”

তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙ্গানো, অযথা মূল্যবৃদ্ধি না করা ও ভেজাল খাদ্য রোধে ব্যবসায়ীদের ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগির আহমদ, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেইন।