চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার
দুই শিক্ষার্থী ও এক চিকিৎসককে মারধরে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার ওই ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।
তিনি বলেন, “এক চিকিৎসক ও দুই শিক্ষার্থীকে মারধরের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ডিসিপ্লিনারি কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।”
বহিষ্কৃতরা হলেন- ফিন্যান্স বিভাগের ওয়ালিদুর রহমান (শিক্ষাবর্ষ ২০১০-১১), ইংরেজি বিভাগের তাসমিন শিকদার রিমন (শিক্ষাবর্ষ ২০১৪-১৫), এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শাহরিয়ার চৌধুরী ইমন, ইতিহাস বিভাগের শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের মাহমুদ হাসান ও নৃবিজ্ঞান বিভাগের জিয়াউর রহমান।
এদের মধ্যে ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামাল হোসেনকে মারধরের ঘটনায় ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান সহকারী প্রক্টর লিটন মিত্র।
এছাড়া ১৯ এপ্রিল কলা বিভাগের ঝুপড়িতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বীকে মারধরের ঘটনায় রিমন শিকদারকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
১৯ এপ্রিল পৃথক ঘটনায় আরেকজন সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অন্য চার শিক্ষার্থীর প্রত্যেককে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
