মন্দিরে ভাংচুরের কথা স্বীকার শুক্কুরের
চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় শিব মন্দিরে মূর্তি ভাংচুরের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় আটক শুক্কুর।
সোমবার চট্টগ্রামের মহানগর হাকিম নাজমুল হোসেনের আদালতে শুক্কুর জবানবন্দি দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি নিজেই মূর্তি ভাংচুর করেছেন বলে জবানবন্দিতে জানিয়েছেন।”
বন্দর থানার পরিদর্শক বিকাশ সরকার বলেন, “শুক্কুর আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে কি বলেছেন সেটা এখনই বলতে পারছি না।”
রোববার বিকালে মন্দিরের চুরি যাওয়া ত্রিশূলসহ মন্দির প্রাঙ্গনে এসে মূর্তি ভাংচুর করার কথা জানিয়েছিলেন শুক্কুর। তখন পুলিশ তাকে আটক করে।
শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো এক সময় গোসাইলডাঙ্গা বি নাগ লেইনের অজিত শীলের বাড়িতে স্থাপিত শিব মন্দিরে ‘কালভৈরব’ ও ‘নন্দীকেশর’ নামের দুটি মূর্তি ভেঙ্গে ফেলা হয়।
মন্দিরের সীমানা দেয়ালে অংকিত কালী, রাম কৃষ্ণ, সারদা দেবীর চিত্রে কালো টেপও লাগিয়ে দেওয়া হয়। নন্দীকেশরের মূর্তিটি বসানোর স্থানে ‘ওঁ’ লেখাও কালো টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়। এছাড়া মন্দিরের প্রধান ফটকে ইটের আঘাতের চিহ্ন ছিল।
