চট্টগ্রামে পাঁচ মাকে সম্মাননা
সন্তানের সফলতার নেপথ্যে মায়েদের অবদানকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে মা দিবসে পাঁচ মাকে সম্মাননা জানিয়েছে ছোটদের সাংস্কৃতিক জগত ‘শিশুমেলা’।
রোববার রাতে নগরীর ডিসি হিলের নজরুল মঞ্চে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন সম্মাননা পাওয়া মায়েদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা পাওয়া মায়েরা হলেন- শহীদ জায়া ও ভগ্নি বেগম মুশতারী শফী (মুক্তিযুদ্ধ), বীর মাতা রমা চৌধুরী (মুক্তিযুদ্ধ), শহীদ জায়া মনি ইমাম (সংস্কৃতি), অধ্যাপক ফেরদৌস আরা আলীম (সাহিত্য) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার (শিক্ষা)।
অনুষ্ঠানের উদ্বোধক একুশে পদক পাওয়া সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, আজ যাদের সম্মানিত করা হলো তারা বাংলাদেশের প্রসিদ্ধ মহিয়সী নারী।
“মা দিবস মায়ের দিন। প্রতিটি দিনই তো মায়ের দিন।
“আমরা দেশকে মা বলি। মা শব্দের মধ্যে যে অসীম ভালোবাসা, ত্যাগ ও মমত্ববোধ রয়েছে তার কোনো তুলনা নেই।”
প্রত্যেক মাকে তার প্রাপ্য ‘যথাযথ সম্মান’ দিতে সবার প্রতি আহ্বান জানান অনুপম সেন।
“মাকে যে শ্রদ্ধা করা উচিত তা আমরা তাকে দিই না। এখন সময় বদলেছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মাতৃ সম্মাননা প্রদান কমিটির’ সভাপতি কামরুন মালেক।
তিনি বলেন, “যাদের আত্মত্যাগে আমরা সুখী-সমৃদ্ধ জীবন-যাপন করছি, আজ সেই সব মাকে স্মরণ করছি। আমাদের সেসব মায়ের কাছে যেতে হবে যারা অসহায়।”
শিশু মেলার চেয়ারম্যান রীতা দত্ত বলেন, দেশের জন্য আজকের সম্মাননা পাওয়া মায়েদের অবদান অনেক।
“কষ্ট লাগে যখন পত্রিকায় দেখি আমাদের দেশে মায়েদের অসম্মান হচ্ছে।”
আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননা পাওয়ার পর অনুভূতি জানান বেগম মুশতারী শফী, অধ্যাপক ফেরদৌস আরা আলীম এবং অধ্যাপক শিরীণ আখতার।
অন্যদের মধ্যে সম্মাননা প্রদান কমিটির ভাইস চেয়ারম্যান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আহ্বায়ক রত্মাকর দাশ টুনু, সদস্য সচিব রুবেল দাশ প্রিন্স এবং সমন্বয়ক এনামুল হক এনাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং কামরুন মালেক সম্মাননা পাওয়া মায়েদের হাতে ক্রেস্ট, চাদর ও ফুলের মালা তুলে দেন।
অনুষ্ঠানের শেষের দিকে সাংস্কৃতিক আয়োজনে দর্শক মাতান কুষ্টিয়ার বাউল শিল্পী পাগলা বাবলু।তার সঙ্গে চট্টগ্রামের শিল্পীরাও ছিলেন।
