২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফল চার নারীর গল্পে বাধা ডিঙানোর মন্ত্র পেল শত কিশোরী

কেউ মোকাবেলা করেছেন পরিবারের আর্থিক সংকট, কেউ সামলেছেন বিয়ের চাপ, কেউবা বিয়ের পর শ্বশুর বাড়ির ব্যস্ততা সামলে শিক্ষাজীবন শেষ করে এগিয়ে গেছেন স্বনির্ভরতা পথে।

চট্টগ্রাম ব্যুরো

মোস্তফা ইউসুফ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 10:20 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

এভাবে নানা প্রতিকূলতা ডিঙিয়ে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত চার নারী নিজেদের জীবন সংগ্রামের, নিজেদের উঠে আসার গল্প বলেছেন পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার লামা উপজেলার পাঁচ শতাধিক ছাত্রীর সামনে।

তাদের গল্প শুনতে বৃহস্পতিবার ছুটির দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দূর-দূরান্তের গ্রাম থেকে আসা উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের ছাত্রীরা লামার টাউন হলে সমবেত হয়েছিলেন।

সমাজকল্যাণ মূলক সংগঠন ‘সেবা’র আয়োজনে ‘এসো গল্পে গল্পে স্বপ্ন বুনি’ স্লোগানে শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল অনুষ্ঠানস্থল।

পিছিয়ে পড়া জনপদের নারী শিক্ষার্থীদের নিজেদের চারপাশের বাধা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার মন্ত্রে উজ্জীবিত করতেই এই আয়োজন।

চার সফল নারীর একজন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার। জন্মের আগেই বাবাকে হারানো এই নারী বেড়ে উঠেছেন নোয়াখালীর এক মফস্বল গ্রামে।

তিনি বলেন, “যখন মেট্রিক পাশ করি, স্বাভাবিকভাবে প্রতিবেশীরা আমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসতে শুরু করে। স্বাধীনতাপরবর্তী সময়ে গ্রামের সমাজব্যবস্থা ছিল অনেক বেশি রক্ষণশীল। পরিবারের সিন্ধান্তের বিরুদ্ধে গিয়ে ‘না’ বলাটা ছিল মেয়েদের জন্য অকল্পনীয়।

“চাচাত বোনের কাছ থেকে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আগের দিন শুনতে পাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শুনে আমি বিস্মিত, হতবাকও। কাউকে কিছু বলতেও পারছিলাম না। তখন ছিল মেনে নেওয়ার সংস্কৃতি।”

পরীক্ষা শেষে বিয়ের পিঁড়িতে বসে পড়াশুনার শেষ করার শপথ নিয়েছিলেন জেসমিন আক্তার, কিন্তু তা সেই মনোবাঞ্ছা পূরণ হয়নি, বিয়ে তাকে করতেই হলো।

“স্বামীকে বললাম আমার ইচ্ছের কথা, তিনি সায় দিলেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় প্রথম সন্তানের মা হলাম। বাংলায় সুযোগ পেয়ে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তারপর আর থামিনি।”

১৯৮৬ সালে ফেনীর জিয়া মহিলা কলেজে লেকচারার হিসেবে শিক্ষকতা শুরু করেন জেসমিন। এরপর চট্টগ্রাম সরকারি সিটি কলেজ হয়ে এখন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন তিনি।

সাফল্যের যাত্রায় শাশুড়ি, স্বামী ও নিজের মায়ের সহযোগিতার কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন এ নারী।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামের বাবা ছিলেন পাকিস্তানের সিএসপি অফিসার, মা ছিলেন শিক্ষিকা। তার জন্ম ও বেড়ে ‍উঠা ছিল করাচিতে।

নিজেদের স্বচ্ছল জীবনযাপন ছিল জানিয়ে তিনি বলেন, ১৯৭১ যখন ঘনিয়ে আসছে তখন আমরা বুঝতে পারছিলাম করাচিতে আর থাকা যাবে না। একাত্তরের মার্চে বাবা টিকেটও করে রেখেছিলেন দেশে ফেরার। হঠাৎ পাকিস্তান সরকার যুদ্ধাস্ত্র পরিবহনের জন্য বেসামরিক যাত্রীদের নিষিদ্ধ করে।

“আমাদের আর ফেরা হয়নি। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বাবা-মার চাকরি চলে যায়। আমাদেরকে একটি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় যেখানে শুরু হয় আমাদের মানবেতর জীবনযাপন। ক্যাম্পে দেওয়া এক বেলা খাবার খেয়ে জীবন কাটাতে হত আমাদের।”

মুক্তিযুদ্ধ শেষ হলে ১৯৭৪ সালের অক্টোবরে একেবারে কপর্দকশূন্য অবস্থায় দেশের ফেরার কথা জানিয়ে প্রফেসর শাহেদা বলেন, দেশে তখন আমাদের বাড়িঘর সব অন্যদের দখলে। মা অনেক কষ্টে একটি স্কুলের চাকরি যোগাড় করে নেন।

“১৯৭৫ সালে আমি এসএসসি পরীক্ষার্থী, পড়েছি ইংরেজি মাধ্যমে। এখানে এসে দেখলাম পাটিগণিত। প্রথমবার হওয়ায় প্রি-টেস্টে গণিতে খারাপ করি। পরে চ্যালেঞ্জ নিয়ে টেস্টে পাশ করি পাটীগণিতে।”

তিনি বলেন, এভাবে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আবাসিক সুবিধার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভতি হয়। তখনও পরিবারের আর্থিক সংকট চরমে। শত অভাব অনটন সত্বেও পড়াশুনা থামাইনি।

“অনার্স প্রথম বর্ষে বিয়ে হয়ে যায় আমার। স্বামীও ছিলেন সহযোগিতাপ্রবণ। যখন প্রথম সন্তান আসে তখন অনার্স শেষ করি। অনার্সের পর থিসিস করার সিদ্ধান্ত নিই। থিসিস করার সময় স্বামীর সহযোগিতা কখনো ভুলব না। সংসার, সন্তান সামলে যখন হতোদ্যম হয়ে যেতাম তখন সে-ই আমাকে উজ্জীবিত করত।”

১৯৮৮ সালে ৭ম বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন শাহেদা ইসলাম। এরপর দেশের নানা কলেজে অধ্যাপনা শেষে বর্তমানে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে।

‘ব্রেকিং বাউন্ডারিজ, মেকিং ড্রিমস’ শীর্ষক এ অনুষ্ঠানে নিজেদের সাফল্যের গল্প শুনান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক দিপান্বিতা ভট্টাচার্য ও লামার ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু।

দিপান্বিতা ভট্টাচার্য বলেন, “মায়ের স্বপ্ন ছিল আমি একদিন প্রতিষ্ঠিত হব। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে না পেরে কিছুটা হতাশও হয়েছিলাম। তবে শেষ পর্যন্ত আশা হারাইনি।

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন ‘বিজনেস অব অ্যাডমিনিস্ট্রেশন’ প্রোগ্রামটি নতুন। সুযোগ পেয়ে ভর্তি হয়ে গেলাম। প্রথম বর্ষে খারাপ করলেও পরে নব উদ্যোমে পড়াশুনা শুরু করি। ভালো রেজাল্ট করে ২০১০ সালে যোগ দেই নিজের ডিপার্টমান্টে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাবার সন্তান হিসেবে উচ্চশিক্ষা লাভে বেগ পেতে হয়নি খিনওয়ান ন্যুকে। আত্মসম্মানবোধ ও আত্মবিশ্বাসকে নারীর জীবনে খুব জরুরি মনে করেন খিনওয়ান ন্যু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান থেকে পাশ করা এ সরকারি কর্মকর্তা বলেন, বিসিএস পরীক্ষার আগে চূড়ান্ত হওয়া বিয়ে ভেঙ্গে দিয়েছিলেন।

“কারণ আমার মনে হয়েছিল যার সাথে বিয়ে হবে সে মানুষটার সাথে আমি সারাজীবন কাটাতে পারব না। ওই সময়টা আমার জন্য কঠিন ছিল। ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে দেয়ায় পরিবারের সবারই মন খারাপ।

“যখন বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে প্রমাণ করেছিলাম আমার সিদ্ধান্ত ভুল ছিল না।”

‘সেবা’র চেয়ারপারসন মহিব উল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল, বান্দরবান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমতিয়াজ ও সেবা’র প্রধান নির্বাহী রতন বড়ুয়া।