২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপণ্যের ‘বাড়তি দর’ নিয়ে প্রশ্ন মহিলা আ.লীগের

চট্টগ্রাম জেলা প্রশাসন কয়েকটি ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে নির্ধারণ করায় তার ব্যাখ্যা দাবি করেছে নগর মহিলা আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 10:47 PM

Updated : 19 Aug 2022, 04:34 PM

দাম বাড়ানোর ‘এখতিয়ার’ জেলা প্রশাসকের আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কার ‘স্বার্থে’ দাম বাড়ানো হয়েছে তাও জানতে চেয়েছেন নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

গত ৪ মে রমজানকে সামনে রেখে চট্টগ্রামের খুচরা বাজারে চিনি ৬৩ এবং ছোলার ৮০ টাকা দর নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন।

এদিকে রাষ্ট্রয়াত্ত সংস্থা টিসিবি খোলা বাজারে চিনি ৫৫ টাকা এবং ছোলা ৭০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত মঙ্গলবার জানিয়েছে।

রোজায় ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবিতে এদিনই চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করে নগর মহিলা আওয়ামী লীগ।

সমাবেশে হাসিনা মহিউদ্দিন বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মজুদ ও সরবরাহ ‘নিশ্চিত’ থাকার পরও রমজানের এক মাস আগে থেকে দফায় দফায় দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে।

“এমনকি জেলা প্রশাসকের এখতিয়ার না থাকা স্বত্তেও তিনি ছোলা ও চিনির দাম বর্ধিত হারে নির্ধারণ করে দিয়েছেন। এর ফলে বাজারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কার স্বার্থে বর্ধিত হারে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তার ব্যাখ্যা অবশ্যই দিতে হবে।”

প্রতি বছর রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিলেও ‘ব্যবসায়ী সিন্ডিকেটের’ চাপে সেই পদক্ষেপ ভেস্তে যায় বলে দাবি করেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা।

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশে নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা চৌধুরী, সহ-সভাপতি মমতাজ খান ও রওশন আরা আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নীলু নাগ, খুরশিদা বেগম ও মালেকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদিকা হোসনে আরা ও মুন্নি জাফর বক্তব্য দেন।

পুরনো খবর:

চট্টগ্রামে খুচরা বাজারে চিনি ৬৩, ছোলার ৮০ টাকা দর নির্ধারণ