চট্টগ্রামে ট্রাক বোঝাই ‘চোরাই’ গম উদ্ধার
চট্টগ্রামে গম বোঝাই একটি ট্রাক আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এগুলো ‘চোরাই’ গম বলে পুলিশের দাবি।
সোমবার গভীর রাতে বন্দর থানার সাগরিকা সিনেমা হলের কাছে ট্রাকটিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন গমের মালিক মো. জসিম (৫০) এবং ট্রাকচালক মো. আয়নুল হক (৩৫)।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে সাগরিকা সিনেমা হলের কাছে জাহেদ কোম্পানির গ্যারেজের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এতে শতাধিক বস্তা গম পাওয়া যায়।
নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জসিম ‘চোরাই’ গমগুলোর মালিক। নিউমুরিং এলাকার সালাউদ্দিনের কাছ থেকে গমগুলো কিনে চাক্তাই এলাকার খাদ্য বিতান নামে একটি প্রতিষ্ঠানের মালিক বেলালের কাছে তা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে।
