শাহ আমানতে ১১টি সোনার বার উদ্ধার
চট্টগ্রামে তিন বিমানের তিন যাত্রীর থেকে ১১টি সোনার বার ও অলঙ্কার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা।
রোববার সকালে এবং শনিবার রাতে শাহ আমানত বিমানবন্দরে ওই যাত্রীদের কাছ থেকে বারগুলো উদ্ধার করা হয় বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
তিন যাত্রী হলেন- নুরুল আমিন, মো. ফারুক ও মো. মহিন উদ্দিন।
রোববার সকালে মহিন ইউএস বাংলা এবং ফারুক রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রাম নামেন।
মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিনের অন্তর্বাসের ভেতর থেকে চারটি স্বর্ণের বার ও ব্যাগ থেকে ৯৮ গ্রাম স্বর্ণালংকার এবং ফারুকের জুতার ভেতর থেকে চারটি বার উদ্ধার করা হয়।”
শনিবার রাতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার যাত্রী নুরুল আমিনের মোবাইলের ভেতরে করে আনা তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান মইনুল খান।
উদ্ধার করা বার ও স্বর্ণালংকারের ওজন এক কেজি ৩৮১ গ্রাম এবং দাম প্রায় ৭০ লাখ টাকা।
