২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা-ভালোবাসার অশ্রুতে বিদায় মিহির নন্দীকে

শ্রদ্ধা আর ভালোবাসার অশ্রুতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কন্ঠযোদ্ধা খ্যাতিমান সঙ্গীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দীকে শেষ বিদায় জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 06:57 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

পুরনো খবর:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মিহির নন্দীর মৃত্যু

রোববার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয় ওস্তাদ মিহির নন্দীর মরদেহ।

রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে নগরীর অভয়মিত্র মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বীর কণ্ঠযোদ্ধার।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগা মিহির নন্দী শনিবার রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।

শহীদ মিনারে মিহির নন্দীকে শ্রদ্ধা জানাতে আসেন সংগীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠক, মিহির নন্দীর শিষ্যরা, সাংবাদিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার স্বজন-শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় মিহির নন্দীর মরদেহে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকেই।

খ্যাতিমান এ সংগীতজ্ঞের কফিনে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা, চট্টগ্রাম জেলা উদীচীর পক্ষে সভাপতি বেগম মুশতারী শফী ও সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা শ্রদ্ধা জানান।

এছাড়াও শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, আনন্দধ্বনি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি, সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ, যুব ইউনিয়ন, চবি সংগীত ও নাট্যকলা বিভাগ, গ্রুপ থিয়েটার ফোরাম, অনন্য থিয়েটার, প্রজন্ম ৭১, কথক থিয়েটার, নজরুল সংগীত শিল্পী সংস্থা, আর্য সঙ্গীত, বাংলাদেশ বেতার, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, ধ্রুব পরিষদ, সম্মিলিত আবৃত্তি জোট, অভ্যুদয় সঙ্গীত অঙ্গণ, তির্যক নাট্য দলসহ বিভিন্ন সংগঠন।

এসময় মিহির নন্দীর জীবন ও কর্মের বিভিন্ন দিক স্মরণ করে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, গণসংগীত শিল্পী রবিন দে, ফুলকীর অধ্যক্ষ শীলা মোমেন প্রমুখ।

ষাটের দশক থেকেই সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত ছিলেন মিহির নন্দী। উদীচী শিল্পী গোষ্ঠীর চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি এবং সংগীত সংগঠন আনন্দ ধ্বনির প্রতিষ্ঠাতা তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন মিহির নন্দী। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির সংগীতশিল্পী তিনি।

মিহির নন্দী ১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন।