২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচার, আটক ২

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা পাচারের সময় এক ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 01:36 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

রোববার সকালে শাহ আমানত সেতু এলাকা থেকে সিলিন্ডার বোঝাই ট্রাকটি আটক করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান।

গ্রেপ্তার ট্রাক চালক মো. হোসেন (৩০) ও তার সহকারী জহির আহম্মেদের (২৪) বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

ওসি জানান, শাহ আমনত সেতুর চেকপোস্টে ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক নির্দিষ্ট স্থানে না থেমে একটু দূরে গিয়ে গাড়ি থামান। এরপর চালক হোসেন ও জহির দুজনেই ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করেন।

“এ সময় তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তারা।”  

ওসি জানান, টেকনাফের আল আল মদিনা গ্যাস হাউস থেকে ৩৮৩টি খালি সিলিন্ডার নিয়ে মিরসরাইয়ের ওমেরা গ্যাস কোম্পানিতে যাচ্ছিল ট্রাকটি।

“তার মধ্যে একটি সিলিন্ডারের ভেতরে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছিল। সিলিন্ডারটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে। এভাবে আগেও ইয়াবা পাচার করার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।