চট্টগ্রামে ডিজাইনার্স ফোরামের নবম বর্ষপূর্তি পালন
পোশাক ডিজাইনারদের সংগঠন ডিজাইনার্স ফোরামের নবম বর্ষপূর্তিতে ‘উৎসবে দেশ ব্র্যান্ডিং চিটাগাং-২০১৭’ শিরোনামে ফ্যাশন প্যারেড ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে চট্টগ্রামের পাঁচ তারকা রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলের মেজবান হলে এ আয়োজন করা হয়।
মেজবান হলের লবিতে আয়োজন করা হয় পোশাক প্রদর্শনীর। আর হল রুমে বটতলী রেল স্টেশনের আদলে তৈরি স্টেজে ফ্যাশন কিউ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে চিটাগাং উইমেনসচেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, বাংলাদেশ উৎসবের দেশ। উৎসবের পোশাক নিয়ে চট্টগ্রামের ডিজাইনারদের এই সাহসী উদ্যোগ প্রশংসনীয়।
“বাংলাদেশের উৎসবগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা এবং পর্যটনের বিকাশ সম্ভব। কার্নিভাল দেখতে মানুষ স্পেন-ব্রাজিলে যায়। যথাযথ প্রচারণা হলে বাংলাদেশের উৎসব দেখতে আগ্রহী হবে বিশ্ববাসী।”
ফোরামের সভাপতি আহমেদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক।
ফ্যাশন কিউ শুরু হয় ডিজাইনার সাহীদা কামালের ডিজাইন করা পরিবার দিবসের পোশাক প্রদর্শনী দিয়ে।
‘আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে’ গানের সুরে মঞ্চে আসেন এক মা ও তার পুত্র সন্তান। দেশীয় উপকরণে মা-বাবাসহ পরিবারের সব সদস্যের জন্য ডিজাইন করা পোশাক ছিল এই কিউতে।
ফারজানা মালিকের ডিজাইনে ‘বিয়ে উৎসবের’ পোশাক সম্ভারে ছিল পাঞ্জাবি, শেরওয়ানি, শাড়ি, লেহেঙ্গা আর গাউন। প্রাচ্য আর পাশ্চাত্যের আদলে বিয়ের পোশাক নজর কেড়েছে দর্শকদের।
এছাড়া ফ্যাশন কিউতে লুৎফা সানজিদার ‘স্বাধীনতা’, নুজহাত নূয়েরী কৃষ্টি ও নাসরিন সারওয়ার মেঘলার ‘ঋতু উৎসব’, আইভি হাসান ও আমিনা রহমানের ‘বৈশাখী উৎসব’, সুলতানা নুরজাহান রোজির ‘নবান্ন উৎসব’, আহমেদ নেওয়াজের ‘লালন উৎসব, কাজী শাহতাজ মুনমুন ও এইচ এম ইলিয়াছের ‘ঈদ উৎসব’, সুব্রত বড়ুয়া রণির ‘বুদ্ধ পূর্ণিমা’, মণিদীপা দাশের ‘শারদীয়া উৎসব, সালেহ রবিজনের ‘বড়দিন’ এবং নাজমা আক্তারের ‘১৩ জ্যৈষ্ঠ’ সিরিজের পোশাক প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অবদানের জন্য ড. শরীফা খাতুনকে এবং আজীবন সম্মাননা দেওয়া হয় গবেষক, কারুশিল্পবিদ ও ডিজাইনার চন্দ্রশেখর সাহাকে।
