২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট স্কলাস্টিকাসে দিনব্যাপী বৈশাখী মেলা

বাংলা নতুন বছরকে বরণ করতে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় সেন্ট স্কলাস্টিকাস বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 07:44 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার রেণু মারীয়া পালমা মেলার উদ্বোধন করেন।

বর্ষবরণের এই আয়োজনে বিদ্যালয় মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জড়ো হন।

মেলা প্রাঙ্গণে হস্তশিল্প, বাটিক-বুটিক, কারুপণ্য, পোশাক ও খাবারের দোকানে পণ্যের পসরা সাজিয়ে বসেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শিশুদের জন্য মেলা প্রাঙ্গণে ছিল নাগরদোলা আর চরকি। বিশেষ আয়োজন হিসেবে ছিল জাদু প্রদর্শনী।

ছুটির দিনে দিনব্যাপী আয়োজনে শিশুদের সাথে ছিলেন অভিভাবকরাও।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাহিয়া মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক দিন পর আবার নিজের স্কুলে এলাম। সব বন্ধুদের সাথে দেখা হয়েছে।

মেলা প্রাঙ্গণে বাংলা গানের সুরে সুরে নাচের তালে মাতেন শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থীরা মাতেন স্মৃতিচারণে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার রেণু মারীয়া পালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের মানবিক বিকাশের জন্য শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ প্রয়োজন।

“তাই এবছর প্রথমবারের মত বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শিশুরা দেশীয় সংস্কৃতির চর্চায় শিক্ষার্থীরা আরও ঋদ্ধ হবে। এতে করে সামগ্রিক শিক্ষায় শিক্ষিত হবে ভবিষ্যত প্রজন্ম।”

মেলায় আসা সেন্ট স্কলাস্টিকাস কিন্ডার গার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী পৌলমি তলাপাত্র বলেন, ‍“তিনবার নাগরদোলায় চড়েছি। খুব মজা হয়েছে।”