চট্টগ্রামে বেড়েছে চাল-সবজির দাম
চট্টগ্রামে অস্থির হয়ে উঠেছে চালের বাজার; এক সপ্তাহর ব্যবধানে খুচরায় কয়েক রকম চালে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।
দাম বেড়েছে সবজি ও ব্রয়লার মুরগিরও।
রমজান আসার দুই সপ্তাহেরও আগে শুক্রবার চট্টগ্রামের বাজার ঘুরে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যে দাম বাড়ার এ চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহে খুচরায় ৫১ টাকায় যে মিনিকেট চাল বিক্রি হয়েছে শুক্রবার তা দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৩ টাকায়, ইন্ডিয়ান বেথি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৩ টাকা।
এছাড়া গত সপ্তাহে ৫২ টাকা বিক্রি হওয়ার নাজিরশাহী চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, কাটারিভোগ চালের দাম বেড়েছে বেশি। কাটারিভোগ চাল গত সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরীর মোমিন রোডের শরীফ স্টোরের মালিক মো. শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি সব ধরনের চালের দাম বেড়েছে।
“মিনিকেট চালের ৫০ কেজি বস্তা গত সপ্তাহে কিনেছি দুই হাজার ৪০০ টাকা দিয়ে, এ সপ্তাহে সেটি ১০০ টাকা বেড়ে দুই হাজার ৫০০ টাকায় কিনেছি। কাটারিভোগ চালে বস্তাপ্রতি ২০০ টাকা বেড়েছে। ইন্ডিয়ান বেথি চালে বেড়েছে বস্তাপ্রতি ১০০ টাকা।”
তাই খুচরায় সাত দিনের ব্যবধানে চালের দাম দুই থেকে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান শরীফ।
দাম বেড়েছে সবজি ও ব্রয়লার মুরগিরও। সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
রিয়াজউদ্দিন বাজারের সবজির খুচরা বিক্রেতার মো. সোহেল বলেন, সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। বৃষ্টিতে সবজি ক্ষেতের যে ক্ষতি, সেটা কাটিয়ে উঠতে মাসখানেক সময় লাগবে।
তবে সরবরাহ বাড়লে দাম কমে যাবে বলে জানান সোহেল।
“এছাড়াও এক সপ্তাহর ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়ে টমেটো ৪০ টাকায়, ঢেড়শ ৫০ টাকায়, বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হওয়া ঝিঙে ও পটল বিক্রি হচ্ছে ৫০ টাকায়।”
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সাথে বৈঠকে ছোলা ও চিনির খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়ায় বাজারে এ দুই পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
চিনি কেজিপ্রতি ৬৩ টাকা ও ছোলা ৮০ ও ৮৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে রিয়াজউদ্দিন বাজারে।
মাংসের দাম কেজিপ্রতি ৫০ টাকা করে কমেছে। গত সপ্তাহে হাড়ঁছাড়া মাংস ৬৫০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে সেটি পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়। হাঁড়সহ মাংস বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকায়।
