২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

ফের নিজেদের দুই পক্ষে সংঘর্ষে জড়ানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 11:53 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে প্রতিপক্ষের কর্মীরা। এর জের ধরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীরা  বিকালে শাহজালাল হলের সামনে সংঘর্ষে জড়ান। এ সময় উভয়পক্ষের দুই থেকে তিনজন আহত হন।

এরপর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘চাওয়ায়’ রাত ১০টা থেকে ১২টার মধ্যে ছয়টি তল্লাশি চালিয়ে বিভিন্ন ধারাল অস্ত্র উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের (সদর) অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান।

তিনি বলেন, রামদা, কিরিচ ও হাঁসুয়া মিলে ২৫টির মতো ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

টিপুকে সভাপতি ও সুজনকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২ জুলাই দুই সদস্যের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। টিপু সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং সুজন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

কমিটি ঘোষণার পর থেকেই দফায় দফায় সংঘর্ষে জড়ান টিপু ও সুজনের অনুসারীরা। তেমনি এক সংঘর্ষের জেরে কেন্দ্র থেকে দুই সদস্যের এ কমিটি স্থগিত করা হয় ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি।

ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো ঘোষণা ছাড়াই সে বছর ১৮ জুলাই কেন্দ্র থেকে ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এরপর ওই কমিটিতে পদ পাওয়া এবং পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়াদের মধ্যে সংঘাতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। সে সময় ছাত্রলীগ নেতাদের সামলাতে সংগঠনের সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির চট্টগ্রামে গিয়ে মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরের সঙ্গেও বৈঠক করেন।

এরপর কিছু দিনের জন্য সংকটের সুরাহা হলেও পরে আবার সংঘাতে জড়ায় দুই পক্ষ।