২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাত এড়িয়ে চট্টগ্রাম নগর বিএনপির কর্মীসভা

চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার কর্মীসভায় হট্টগোল-হাঙ্গামার পর এবার ‘সর্তকর্তার’ মধ্যে নগরে কর্মীসভা করেছে বিএনপি। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 09:40 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

বৃহস্পতিবার বিকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে নগর বিএনপির কর্মী সভা এ অনুষ্ঠিত হয়।

‘সংঘাত’ এড়াতে সভা চলাকালে স্থানীয় কোনো নেতার নামে স্লোগান দেওয়া, ব্যানার-পোস্টার প্রদর্শন নিষিদ্ধ ছিল। পাশাপাশি মঞ্চ থেকেও মিছিল নিয়ে আসা ওয়ার্ড ও থানা কমিটির কোনো নেতার নাম ঘোষণা না করার সিদ্ধান্ত হয়।

সভা থেকে দলের শীর্ষ নেতারাও তাদের বক্তব্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি সর্তকবাণী উচ্চারণ করেন। সভা চলার সময় মঞ্চে থাকা নগর বিএনপি ও ছাত্রদলের নেতাদের সর্বক্ষণ সর্তক থাকতে দেখা গেছে।

সভাস্থলে প্রত্যেকটি মিছিল আসার পরই তাদের স্লোগান থামাতে নগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ছাত্রদল সভাপতি গাজী সিরাজসহ বেশ কয়েকজন নেতা তৎপর ছিলেন।

সভার মাঝামাঝি দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন সূচনা বক্তব্য দেয়ার সময় স্লোগান থামাতে নগরের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সভাপতি ডা. শাহাদাত হোসেন এগিয়ে আসেন।

এরপরও বিভিন্ন নেতার বক্তব্যের সময় আবুল হাশেম বক্কর কড়া ভাষায় নির্দেশ দিয়ে কর্মীদের স্লোগান থামান।

বক্তব্যের শেষ দিকে খন্দকার মোশারফ বলেন, “এতবড় রাজনৈতিক দল প্রতিযোগিতা তো থাকবেই।”

“গত পরশু এখানে উত্তর জেলার সভা ছিল। আজকের মত পূর্ণাঙ্গভাবে হয়নি। স্টেজ দখল করতে গিয়ে হয়ত নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। দক্ষিণেও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মিটিং সম্পন্ন হয়নি।”

তিনি বলেন, “তবে যেভাবে হাজার হাজার কর্মী জড়ো হয়েছিল সেটা ইতিবাচক। কর্মীসভা আজ জনসভায় পরিণত হয়েছে।”

স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “কে কার নেতা, কে কার ভাই এসব স্লোগান দেবেন না। ভাইয়ের নামে স্লোগান চিরতরে যেন বন্ধ হয়।

“যারা ভাইয়ের নামে স্লোগান দেয় তাদের তালিকা হবে। একতা রাখতে হলে কিছু কষ্ট করতে হবে।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার বলেন, নিজেদের মধ্যে লড়াই চাই না। সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, “নিজেদের আধিপত্যের কারণে দুটি কর্মীসভায় আমরা সমস্যায় পড়েছি। ভবিষ্যতে যাতে এরকম না হয়।”

নগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, “মাঠের নেতাকর্মীরা গ্রুপিং করে না। আমরা যারা স্টেজে বসে আছি তারাই গ্রুপিং করি। নেতাকর্মীদের ব্যবহার করি। গত দুই দিনের দুঃখজনক ঘটনা আমাদের লজ্জিত ও মর্মাহত করেছে।”

বুধবার সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল ও সহ-সভাপতি এনামুল হকের সর্মথকদের মধ্যে সংঘর্ষে দক্ষিণ জেলা বিএনপির কর্মী সভা পণ্ড হয়ে যায়।

আগেরদিন মঙ্গলবার নাসিমন ভবনে গিয়াস কাদের চৌধুরী ও আসলাম চৌধুরী অনুসারীদের মঞ্চ দখলের চেষ্টায় উত্তর জেলা বিএনপির কর্মী সভা শেষ হয় কেন্দ্রের প্রতিনিধিদের বক্তব্য ছাড়াই।