চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে মিয়ানমারের ৬ নাগরিক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে কোতোয়ালি থানার জুবিলি রোড ইউনাইটেড হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- আজিজ (২২), নুর মোস্তাফা (২০), ফারুক (১৯), ইদ্রিস (২৫), আলম (২৪) ও ফয়সাল (২৪)।
তারা সবাই মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা।
নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনাইটেড হোটেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে হোটেলে অবস্থান করছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
