২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার খুনের মামলায় আত্মগোপনকারী চট্টগ্রামে গ্রেপ্তার

গাইবান্ধায় খুনের মামলায় দুই বছর আত্মগোপনের পর চট্টগ্রাম থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 07:59 PM

Updated : 19 Aug 2022, 04:31 PM

গ্রেপ্তার মো. রুবেল ইসলামের (৩৪) বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গোপীনাথপুর গ্রামে।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা সংলগ্ন নেভী হাসপাতাল গেইট রেলবিট এবাদত কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গাইবান্ধা পিবিআইর তদন্তনাধীন একটি হত্যা মামলায় রুবেলকে গ্রেপ্তার করার জন্য আমাদের সহযোগিতা চাওয়া হয়।

“সেই পরিপ্রেক্ষিতে নগরী থেকে রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে করারাগারে পাঠানো হয়েছে।”

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই গাইবান্ধা জেলার এসআই মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৫ সালের ২০ মে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গোপীনাথপুর গ্রামে জমি বিরোধে আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গলা টিপে হত্যা করা হয়।

এঘটনায় নিহতের স্ত্রী আনজু আরার করা মামলায় পলাশবাড়ি থানা পুলিশ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

বাদী অভিযোগপত্রের নারাজি দেওয়ায় আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় জানিয়ে এসআই জাকারিয়া বলেন, পিবিআইয়ের তদন্তের পর রুবেলের নাম অভিযোগপত্রে দেওয়া না হলেও তার সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়।

তিনি বলেন, জমির বিরোধ নিয়ে করা আগের দুইটি মামলায়ও আসামি ছিলেন রুবেল। তবে হত্যাকাণ্ডের পর থেকে রুবেল পলাতক ছিলেন।