শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠনের দাবি
মে দিবসে শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।
সোমবার মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক ফেডারেশন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম বলেন, সরকারি চাকরীজীবীদের বেতন বেড়েছে, তাদের জন্য আলাদা পে-কমিশন করা হয়েছে।
“কিন্তু যাদের শ্রমে-ঘামে এদেশ গড়া সেই শ্রমিকদের জন্য মজুরি কমিশন এখনো গঠন করা হয়নি। তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি। উৎসব ভাতারও কোনো ব্যবস্থা নেই।”
জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী বলেন, সরকার একদিকে কর্মসংস্থানের কথা বলছে আর অন্যদিকে একের পর এক কল-কারখানা বন্ধ হচ্ছে।
“বন্ধ কল-কারখানার শ্রমিকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল বা নতুন শিল্প প্রতিষ্ঠানে বন্ধ কারখানার শ্রমিকদের জন্য কাজের সুযোগ রাখতে হবে।”
এর আগে নগরীর দোস্ত বিল্ডিং এলাকা থেকে মে দিবস উপলক্ষে মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়ে সেখানে সমাবেশ শুরু হয়।
জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ফয়েজ আহমেদ।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও মোক্তার আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ চৌহান, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য ইন্দ্র কুমার নাথ, বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী আরিফ, মেহের গার্মেন্টেসর সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক পিংকী আক্তার ও মডেক্স গার্মেন্টেসের সম্পাদক সুলতান আহম্মদ।
