‘টর্চারে বিধ্বস্ত’ ছিলেন ওবায়দুল কাদের
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হয়ে সেনা সদস্যদের নির্যাতনে ওবায়দুল কাদের বিধ্বস্ত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তার দলের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শনিবার পাঁচলাইশের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় কর্মীদের ওয়ান-ইলেভেনের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে রাজনৈতিক সহকর্মীর কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফের একথা বলার সময় মঞ্চে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ছিলেন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে অনেক রাজনীতিকের মতো এই দুজনও গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে দুজনই মন্ত্রী।
মোশাররফ বলেন, “আমাদের মাঝে ওয়ান-ইলেভেন এসেছিল। আজকের সাধারণ সম্পাদক, আমি আর উনি এক রুমে ছিলাম। আমি দেখেছি তার অবস্থা।
“তাকে যখন ডিজিএফআই নিয়ে যায় চার দিন পর ফেরত আনে। আমাকে বলছে- ‘মোশাররফ ভাই, আমি ১২ বছর জেল খাটতে রাজি আছি কিন্তু আমি আর ডিজিএফআইয়ের কাছে টর্চারিং এ যেতে চাই না’।
“এরকমভাবে আমার কাছে আর্তনাদ করে বলেছে। সেই ওবায়দুল কাদের আজকে এখানে আছেন।”
তখন গ্রেপ্তার থাকাকালে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে ওবায়দুল কাদেরের কথা প্রচার হয়, যা তার আনুগত্য প্রশ্নবিদ্ধ করেছিল বলে মনে করেন দলের মধ্যে অনেকে।
সভায় মোশাররফের পর বক্তব্য দিতে দাঁড়িয়ে ওবায়দুল কাদের বলেন, “মোশাররফ ভাই বলেছেন- আমাকে নেওয়ার সময় যে ছবি তিনি দেখেছেন। এক রুমে ছিলাম, আমার বিধ্বস্ত চেহারা তাকেও কাঁদিয়েছে।”
দলীয় প্রধানের নিজের আনুগত্যের কথা তুলে ধরে তিনি বলেন, “যে লক্ষ্য নিয়ে নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার মেধা-শ্রম সব কিছু দিয়ে নেত্রীর মুখ আমি রক্ষা করব। এটা আমার শপথ।”
বক্তব্যে মোশাররফ দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, “১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যাকে যখন আমরা সভানেত্রী করলাম, অনেকে সেটা মানতে পারেনি। অনেকে মনে করেছিল, ৩৪ বছরের এই মেয়ের দ্বারা সংগঠন চলতে পারে না।
“অনেকে চলে গিয়েছিল, কিন্তু নেত্রী সাহসের সহিত এগিয়ে গিয়েছিলেন। সংগঠনকে শক্তিশালী করেছিলেন। আমরা তার সাথে ছিলাম, আমরা মেইন স্ট্রিমের সাথে ছিলাম। আমরা যাই নাই।”
১৯৯১ সালে দলের মধ্যে বিভক্তির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি বলে মনে করেন প্রবীণ এই রাজনীতিক।
“মহিউদ্দিন চৌধুরী দাঁড়িয়েছিল নোমানের (বিএনপির আবদুল্লাহ আল নোমান) বিরুদ্ধে, মাত্র ১২শ ভোটে হেরেছিল। আমরা ১১৫ আসনে জয়লাভ করেছি। যদি এক থাকতাম ৯১ সালে আমরা সরকার গঠন করতে পারতাম।”
রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের সভাপতিত্বে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ও এনামুল হক শামীম, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।
