চট্টগ্রামে বিএনপির শামসুল আলমের বিরুদ্ধে দুদকের মামলা
তেল আমদানির মিথ্যা তথ্য দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের বিএনপিনেতা ও ব্যবসায়ী শামসুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা শামসুল আলম, মেরিন ভেজিটেবলের চেয়ারম্যান টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ ছাড়াও পাঁচ ব্যাংক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
মামুনর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর পামওয়েল আমদানির কথা বলে এলসি করানো হয়।
“কিন্তু তদন্তে দেখা যায় তারা কাগজে-কলমে আমদানি দেখালেও প্রকৃতপক্ষে কোনো তেল আমদানি করেননি।”
দুদক কর্মকর্তা মামুন জানান, ৪৪ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ১০৯, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও ২০১২ সালের মানিলন্ডারিং আইনের ৪(২) ধারায় মামলাটি করা হয়েছে।
