চট্টগ্রামে ১৪০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
চট্টগ্রামে প্রায় ১৪০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার সকালে নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার তুলাতলী বস্তি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আকলিমা বেগম (৩১) ও মো. সুমন (২১)।
এদের মধ্যে আকলিমা নগরীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি আগেও বেশ কয়েকবার সে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
এছাড়া আকলিমা ভ্রাম্যমান আদালতেও শাস্তি পেয়েছেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আকলিমার সংগ্রহ করা ইয়াবাগুলো সুমনের বাসায় রেখে পুড়িয়া তৈরি করা হয়।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলীতে অভিযান চালিয়ে সুমনের বাসা থেকে এক হাজার ২৮০ ও আকলিমার বাসা থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা তপন বলেন, আকলিমা ও তার স্বামী খোকন দুইজনই মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে খোকন ৭৮০ ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
আকলিমা ও সুমনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
