চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে আলাদা দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক।
শনিবার রাতে পটিয়া উপজেলা এবং নগরীর বায়েজিদ এলাকায় এ দুটি দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- জিয়াউর রহমান (১৮) ও জিল্লুর রহমান (১৮)।
জিয়াউর রহমান পটিয়ার কুলাগাঁও এলাকার জাহিদুল হকের ছেলে। আর জিল্লুর রহমান তার বাবা খুল মিয়ার সঙ্গে বায়েজিদ থানার শেরশাহ এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়ার কুলাগাঁও এলাকার নুসরাত জাহান ডকইয়ার্ডে সিলিং ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জিয়াউর রহমান।
অন্যদিকে বায়েজিদের রুবি গেইট এলাকার অয়েল পয়েন্ট নামের একটি কারখানায় কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জিল্লুর।
দুজনকেই রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।
