হাটহাজারীতে ট্রাকচাপায় নারীসহ দুইজন নিহত
চট্টগ্রামের হাটহাজারী থানার নন্দীরহাট এলাকায় ট্রাক চাপায় এক নারীসহ সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
শনিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে মোজাম্মেল হোসেন (২১) হাটহাজারী উপজেলার মদনহাট এলাকার মো. হারুনের ছেলে। নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজি অটোরিকশাটিকে নগরীমুখী ট্রাকটি পেছন থেকে চাপা দেয়।
“এতে চালকের পাশে বসা মোজ্জামেল হোসেন এবং পেছনে বসা এক নারী যাত্রী মারা যান। অন্য দু’জন আহত হয়েছেন।”
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান এসআই জাহাঙ্গীর আলম।
ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
