২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আলোকচিত্র প্রদর্শনী ‘লন্ডন ১৯৭১’ শুরু

প্রবাসে স্বাধীনতার প্রস্তুতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন নয়মাস লন্ডনে মুক্তিকামী বাঙালির আন্দোলন ও ভূমিকা নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে ‘লন্ডন ১৯৭১’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 07:40 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে ব্যতিক্রমী এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক আবাসিক প্রতিনিধি ও বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।

এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ একদিনে বিজয় লাভ করেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের জনগণ মুক্তির সংগ্রামে একাত্ততা প্রকাশ করেছিলেন। মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্বব্যাপী জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লন্ডন প্রবাসী বাঙালিরা।

জাতিসংঘে বাংলাদেশের সাবেক আবাসিক প্রতিনিধি এ কে আব্দুল মোমেন বলেন, “মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। এই যুদ্ধে অংশ নিয়েছিল কৃষক, শ্রমিক থেকে সর্বস্তরের জনতা। শুধু দেশে নয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে লন্ডন প্রবাসীরাও অত্যন্ত জোরালো অবস্থান নিয়েছিলেন।

“তারা বিদেশের বিভিন্ন রাষ্ট্রের কাছে মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর হানাদার বাহিনীর নির্যাতন ও গণহত্যার বিষয়টি তুলে ধরেছিলেন। লন্ডন ১৯৭১ প্রদর্শনীর কারণে দেশের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও অনুপ্রাণিত হবে।”

বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল, পিএইচপি ফ্যামিলি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, আমরা করব জয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করেছে ‘প্রজেক্ট লন্ডন ১৯৭১’।

তিনদিনের এ প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। এর আগে ঢাকায় জাতীয় শিল্পকলা একাডেমি ও ব্রিটিশ কাউন্সিল এবং সিলেটে এর প্রদর্শনী হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, প্রজেক্ট লন্ডন ১৯৭১ এর উদ্যোক্তা ও সমন্বয়কারী উজ্জ্বল দাশ।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে স্থান পাওয়া বেশির ভাগ ছবি ব্রিটিশ আলোকচিত্রী রজার গোয়েন ও বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা। এ ছাড়া রয়েছে বেশ কিছু সংগৃহীত ছবি। আট বছর ধরে লন্ডনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুরে ঘুরে এসব ছবি সংগ্রহ করেছেন উজ্জ্বল দাশ।

এছাড়া লন্ডন থেকে প্রকাশিত বাংলা ও ইংরেজি সংবাদপত্রের মূল কপি, পোস্টার, ডাকটিকেট ও প্রচারপত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।